১২ ঘণ্টার বনধে থমথমে ময়না, পথে নেমে পিকেটিং বিজেপির
বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধকে কেন্দ্র করে উত্তেজনা পূর্ব মেদিনীপুরের ময়দানে। সকাল থেকে রাস্তায় নেমে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। যেখানো দোকান খোলা হয়েিছল সেখানে গিয়ে পিকেটিং করেন তাঁরা। এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে ময়নার একাধিক জায়গায়।
ময়নায় বনধকে ঘিরে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে তার জন্য পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ। উত্তেজনা কর পরিস্থিতি রুখতে চলছে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। বিজেপি কর্মী খুনের প্রতিবাদে গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ময়নায় ১২ ঘণ্টা বনধের ডাক দেন।

সকাল থেকে থমথমে ময়না। বিজেপি বনধ সর্বাত্মক বলে দাবি করেছে। কোনও দোকান পাট খোলেনি। রাস্তায় যান চলাচলও করছে না। বন্ধ রয়েছে স্কুলও। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে মানুষ সাড়া দিয়েছেন বনধে। সেকারণেই আজ কেউ বাড়ি থেকে বেরোননি। এবং দোকান বাজার বন্ধ রেখেছেন বাসিন্দারা।

কিন্তু বনধের সার্বিক ছবি বলছে বিজেপি নেতা কর্মীরা সকাল থেকে ময়নার একাধিক জায়গায় পিকেটিং করেছেন। রাস্তা অবরোধ করে টায়াক জ্বালিয়ে বিক্ষোভ চলছে ময়না। সেই সঙ্গে যাঁরা দোকান বাজার খোলার চেষ্টা করছিলেন তাঁদের জোর করে দোকান বন্ধ করে দেন বিজেপি কর্মী সমর্থকরা। এই নিয়ে সকাল থেকে ময়নার একাধিক জায়গায় উত্তেজনা দেখা দিয়েছে।

বনধে যাতে পরিস্থিতি হাতের বাইরে চলে না যায় তার জন্য কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গতকাল থেকে উত্তাল হয়ে রয়েছে ময়না। বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে অপহরণ করে খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল ময়না। বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন বিজেপি নেতা কর্মীরা।
তমলুক-ময়না রাজ্য সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপি। দোষীদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। সেই বিক্ষোভে সামিল হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেখান থেকে ময়নায় ১২ ঘণ্টার বনধের ডাক দেন। এবং সেখান থেকে বিজয় কৃষ্ণ ভুঁইঞার হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications