পরীক্ষার নজরদারিতে TMCP-র লোকজন! টাকা চাওয়ার অভিযোগে উত্তাল মহিষাদল
পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজে ধুন্ধুমার পরিস্থিতি। এই কলেজে সিট পড়েছিল হলদিয়ার একটি বেসরকারি কলেজের ছাত্রছাত্রীদের। তাঁদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির বিরুদ্ধে। যা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
হলদিয়া আইন কলেজের সব-বর্ষের পরীক্ষার সিট পড়েছে মহিষাদল রাজ কলেজে। সকালে ১০ থেকে দুপুর একটা পর্যন্ত পর্যন্ত প্রথম অর্ধের পরীক্ষা হয়েছে। দ্বিতীয় অর্ধের পরীক্ষা ২ টো থেকে ৫ টা। যা নিয়ে ঝামেলা দুই কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে।

পরীক্ষা দিতে আসা হলদিয়া আইন কলেজের ছাত্র-ছাত্রীদের অভিযোগ, পরীক্ষা চলাকালীন যাঁরা গার্ড দিচ্ছিলেন তাঁরা অধিকাংশই ওই কলেজের ইউনিয়নের লোকজন এবং তাঁরা পরীক্ষায় সুবিধে পাইয়ে দেওয়ার নাম করে টাকা দাবি করছিল। এর পরেই বিক্ষোভে ফেটে পড়েন পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা।
শুরু হয় দুই কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বচসা। হাতাহাতিও হয় দুইপক্ষের মধ্যে। খবর পেয়ে সেখানে পৌঁছয় মহিষাদল থানার পুলিশ। পুলিশকে ঘিরে চলে দফায় দফায় বিক্ষোভ। পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের প্রশ্ন, একটা কলেজে কী ভাবে ইউনিয়নের লোকজন গার্ড দিতে পারেন?
প্রতিবাদ করায় মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন হলদিয়া আইন কলেজের ছাত্রছাত্রী। একাধিক অভিযোগ তুলে তারা মহিষাদল রাজ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ দেখান।
তবে ইউনিয়নের লোকজনের পরীক্ষায় গার্ড দেওয়া কিংবা টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন। তৃণমূলের ছাত্র সংগঠনের তরফে ছাত্রছাত্রীদের থেকে টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে।












Click it and Unblock the Notifications