শুভেন্দুর অপসারণ চেয়ে মমতাকে চিঠি জেলা সভাপতির, নইলে অনাস্থার ডাক
শুভেন্দুর অপসারণ চেয়ে মমতাকে চিঠি জেলা সভাপতির, নইলে অনাস্থার ডাক
একের পর এক প্রতিষ্ঠানের পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরাতে শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যে বেশ কয়েকটি পদ থেকে অপসারিত হয়েছেন তিনি। এবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে শুভেন্দু অপসারণ চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি।

শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যান পদে চাইছেন না কেউ
রবিবার ব্যাঙ্কের পরিচালন সমিতির সদস্যদের নিয়ে বৈঠক করেন অজিত মাইতি। তিনি বলেন, পরিচালন সমিতির কেউই শুভেন্দু অধিকারীকে ওই পদে চাইছেন না। তা সত্ত্বেও উনি এখনও পদ আঁকড়ে বসে রয়েছেন। যখন উনি আদর্শের বুলি আওড়ে অন্য দলে নাম লিখিয়েছেন, তবে কেন এখনও পদ ধরে রেখেছেন প্রশ্ন তোলেন অজিত মাইতি।

শুভেন্দু অধিকারীকে পদ থেকে অপসারিত করার দাবি
অজিতবাবু বলেন, আমি সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিলাম রবিবার। সেখান পরিচালন সমিতির ১৪ জনের মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন। তাঁরা লিখিতভাবে বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। পরিচালন সমিতির সদস্যরা পরিষ্কার লিখেছেন- শুভেন্দু অধিকারীকে ওই পদ থেকে অপসারিত করা হোক, নতুবা আমরা ওনার বিরুদ্ধে অনাস্থা আনব।

শুভেন্দু অধিকারীকে সরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি
অজিতের অভিযোগ, দু-বছর ব্যাঙ্কে না এসে সম্পদ নষ্ট করে চলেছেন শুভেন্দুষ নিজের স্বার্থে তিনি ব্যাঙ্ককে ব্যবহার করছেন। কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে ওঁকে সরানো হয়েছে। এবার মেদিনীপুরের বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে সরানো হোক। মুখ্যমন্ত্রীকে এই মর্মে চিঠি দেওয়া হয়েছে।

নির্বাচিত চেয়ারম্যানকে অনাস্থা এনে সরানো যায় না, দাবি
উল্লেখ্য, ২০১৯ সালে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন হয়েছিল। ২০২৪ সাল পর্যন্ত তার মেয়াদ আছে। তৃণমূল অনাস্থার দাবি করলেও, শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা জানিয়েছেন নির্বাচিত চেয়ারম্যানকে অনাস্থা এনে সরানো যায় না। ফলে এই লড়াই বহুদূর গড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications