TMC In Nandigram: ছবিতে জুতোর মালা লাগিয়ে 'চোর কুণাল' ধ্বনি তুলল তৃণমূল! নন্দীগ্রামে পুড়ল কুশপুতুল, কী কারণ?
TMC Agitation Against Kunal Ghosh: তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে নন্দীগ্রামে উঠল চোর-চোর স্লোগান। ছবিতে পড়ানো হলো জুতোর মালা। এরপর পুড়ল কুশপুতুল। না, এ কাজ বিরোধী দলের নয়। প্রতিবাদ তৃণমূলেরই একাংশের।
স্বাভাবিকভাবেই গোটা ঘটনা ঘিরে অস্বস্তিতে তৃণমূল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় তৃণমূলের লোকেরাই কুণালের বিরুদ্ধে সরব হওয়ায় রাজনৈতিক তাৎপর্য বেড়ে গিয়েছে অনেকটাই। কুণালের নামে দালাল বলেও কটাক্ষ করা হয়েছে।

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই নন্দীগ্রামের রাজনীতি গরম! শাহনওয়াজ আলি খানকে তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান করতে চেয়েছিল। সেইমতো তালিকাও এসেছিল। দলের জয়ী সদস্যদের বলা হয়েছিল শাহনওয়াজকে প্রধান হিসেবে মেনে নিতে।
এই পঞ্চায়েতে তৃণমূল পেয়েছিল ১২টি আসন, বিজেপি ৬টি। দলীয় হুইপ না মেনে তৃণমূলেরই একাংশ প্রস্তাব করে নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের জামাই শেখ নান্টু ওরফে শেখ হাবিবুলের নাম। বিজেপি তৃণমূলের অফিসিয়াল প্রার্থীকে ভোট না দেওয়ার স্ট্র্যাটেজি মেনে সুফিয়ানের জামাইকে সমর্থন করে।
ফলে তৃণমূলের অফিসিয়াল ক্যান্ডিডেটের বিরুদ্ধে তৃণমূলের ৬ ও বিজেপির ৬ জন সদস্য ভোট দেন। ফলে ১২ জনের সমর্থন নিয়ে শেখ হাবিবুল প্রধান হন। শুরু হয় রাজনৈতিক তরজা। জামাইকে প্রধান করতে সুফিয়ান বিজেপির সঙ্গে যোগসাজশ করেছেন বলে অভিযোগ ওঠে। যদিও তা মানেননি সুফিয়ান। তৃণমূলের একাংশ নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে বিক্ষোভও দেখান।

এরই মধ্যে পরিস্থিতি গরম হয়ে ওঠে গতকাল সুফিয়ান ও হাবিবুলকে পাশে বসিয়ে কুণাল সাংবাদিক বৈঠক করায়। এই ঘটনার প্রতিবাদে আজ বিকালে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মিলন বাজারে তৃণমূল কংগ্রেসেরই একাংশ কুণাল ঘোষের কুশপুতুল দাহ করেন এবং কুণালের ছবিতে জুতোর মালা পরিয়ে চোর, দালাল স্লোগান তোলেন।
বিজেপির সঙ্গে হাত মিলিয়ে যাঁরা দলীয় নির্দেশকে উপেক্ষা করল তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের দাবিতে অনড় তৃণমূলের এই বিক্ষোভকারীরা।












Click it and Unblock the Notifications