শুভেন্দুর গড়ে পঞ্চায়েতে অশান্তি, তৃণমূলের প্রধানকে সরিয়ে 'গোল' দিল তৃণমূলই
শুভেন্দুর গড়ে পঞ্চায়েতে অশান্তি, তৃণমূলের প্রধানকে সরিয়ে 'গোল' দিল তৃণমূলই
শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলের পঞ্চায়েতে অশান্তি। পূর্ব মেদিনীপুরের এগরা দু নম্বর পঞ্চায়েত সমিতিতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে, তাঁকে সরিয়ে সরিয়ে দেওয়া হয় এদিন। নতুন প্রধান জানিয়েছেন, তিনি এলাকায় উন্নয়নের চেষ্টা করবেন। সাধারণ মানুষের অভাব-অভিযোগ মেটাতে সচেষ্ট হবেন বলে জানিয়েছেন নব নির্বাচিত প্রধান।

তৃণমূলের পঞ্চায়েতে প্রধানের অপসারণ
তৃণমূলের পঞ্চায়েতে প্রধানের অপসারণ। এ আর নতুন কোনও ঘটনা নয়। তবে এদিনের ঘটনাটি পূর্ব মেদিনীপুরের এগরা দু নম্বর পঞ্চায়েত সমিতির বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের। প্রধান রাজনারায়ণ মান্নাকে এদিন ভোটাভুটিতে সরিয়ে দেওয়া হয়। পঞ্চায়েতের ১৮ জন সদস্যের মধ্যে তৃণমূলের ১৪ এবং বিরোধী ৪ জন। এদিনের ভোটাভুটিতে ১১ জন তৃণমূলের প্রধানের অপসারণের পক্ষে ভোট দেন। যার জেরে প্রধানের বিরুদ্ধে অনাস্থা গৃহীত হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে ভোটাভুটিতে অংশ নেওয়া ১১ জন সদস্যকে ধন্যবাদ দেওয়া হয়েছে।

দায়িত্ব নিয়েছেন নতুন প্রধান
এদিন প্রধানকে অপসারণের পরেই নতুন প্রধান নির্বাচন করে তাঁর হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অশোক দাস। তিনি জানিয়েছেন, এলাকার উন্নয়ন বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের অভাব-অভিযোগ মেটানোর চেষ্টা তিনি করবেন।

দুর্নীতিতে অভিযুক্ত অপসারিত প্রধান
ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক রাজকুমার দুয়ারির দাবি রাজনারায়ণ মান্নার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। দলকে তাঁরা বিশ্বাস করেন। তারা চান সেখানে এমন একজন কাজ করবেন, যিনি কলঙ্ক মুক্ত এবং এলাকার সাধারণ মানুষ সবসময় হাতের কাছে পাবেন। সেই মতো ১১ জন অনাস্থার পক্ষে ভোট দিয়েছেন। এঁদের মধ্যে ৭ জন মহিলা এবং ৪ জন পুরুষ। তবে এদিন পঞ্চায়েত প্রধানের অপসারণ নিয়ে স্থানীয় পর্যায়ে গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন। দলের নেতাদের মুখেই দলের সিদ্ধান্ত না শোনার কথাও উঠে এসেছে। পাশাপাশি নেতারা বলেছেন, দলের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সরকারি প্রক্রিয়ার মাধ্যমেই ভোটাভুটি
বিডিও কৌশিক রায় জানিয়েছেন, সরকারি প্রক্রিয়ার মাধ্যমে এদিনের ভোটাভুটি সম্পন্ন হয়েছে। তিনি জানিয়েছেন, এর আগেও অনাস্থা এসেছিল। তার বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন প্রধান। ভোটাভুটিতে অপ্রীতিকর ঘটনা আটকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।
এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রধানকেই অপসারণ করেছে তৃণমূল। তার মধ্যে রয়েছে নদিয়ার নাকাশিপাড়ার মাঝেরগ্রাম পঞ্চায়েত। প্রধানের স্বামী ও প্রধান মিলে আর্থিক নয়ছয় করেছেন, বলে অভিযোগ করেছিল তৃণমূল। বসিরহাট মহকুমার বাদুড়িয়ার শায়েস্তানগর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ এনেছিল তৃণমূলই।












Click it and Unblock the Notifications