গভীর রাতে মহিষাদলে খুন TMC-র প্রাক্তন পঞ্চায়েত প্রধান! নন্দীগ্রামে পুলিশি সন্ত্রাসের অভিযোগ বিজেপি প্রার্থীর
Tamluk Lok Sabha Election 2024: ভোটের আগে আরও এক খুন তমলুক লোকসভা কেন্দ্রে। শুক্রবার গভীর রাতে খুন মহিষাদলের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ মইবুল। দলীয় কর্মীকে বাড়িতে পৌঁছে নিজে বাড়িতে ফেরার সময় খুনের অভিযোগ। ঘটনায় অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুনের ঘটনা ঘটেছে।
এদিকে, ভোটের আগের রাতে নন্দীগ্রামে পুলিশি সন্ত্রাসের অভিযোগ করেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর অভিযোগ সোনাচূড়া দিয়ে রাজ্য পুলিশের এক ডিজির নেতৃত্বে প্রায় চার হাজার পুলিশ ঢুকেছে। খুনে অভিযুক্ত তৃণমূল নেতাকে নিয়ে। তিনিই বাড়ি চিনিয়ে দিচ্ছেন। তারপর পুলিশ বেছে বেছে বিজেপি নেতা-কর্মীদের বাড়ি থেকে বের করে মারধর ও গ্রেফতার করছে।

তাঁর অভিযোগ শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছয় বিজেপি নেতা কর্মীকে গ্রেফতাার করেছে পুলিশ। তিনি বলেছেন, যেন তেন প্রকারেণ মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে চান, নন্দীগ্রাম থেকে তৃণমূল ভোট বেশি পেয়েছে। সেই জন্যই এই পুলিশি সন্ত্রাস।
দিন কয়েক আগে নন্দীগ্রামের বিজেপি নেতার মা রথীবালা আড়িকে কুপিয়ে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং ওই বিজেপি নেতাও গুরুতর আহত হন। তিনি ভর্তি কলকাতার হাসপাতালে। সেই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে পুলিশ বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে ভোটের আগের রাতে তল্লাশি চালায় বলে অভিযোগ গেরুয়া শিবিরের।
এদিকে মহিষাদলের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ মইবুল শুক্রবার গভীর রাতে দলীয় কর্মীকে বাইকে করে বাড়িতে পৌঁছে দিয়ে যখন বাড়িতে ফিরছিলেন, তখন তাঁর ওপরে হামলা হয়। তাঁকে প্রথমে মারধরের পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পুকুরে ফেলে দেওয়া হয়।
তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, রাতে খোঁজাখুঁজির পরে ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে প্রথমে মহিষাদল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তমলুক মেডিক্যাল কলেজে। সেখানেই ওই তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় বিজেপিকে অভিযুক্ত করেছে তৃণমূল। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি।












Click it and Unblock the Notifications