প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় পরপর দোকান! অভিযুক্ত তৃণমূল ক্ষেত মজুর সেলের ব্লক সভাপতি
বাড়ি তৈরির জন্য টাকা দিয়েছিল পাঁশকুড়া ব্লক প্রশাসন। কিন্তু অভিযোগ বাড়ি তৈরি না করে সেই টাকা দিয়ে দুটি দোকান তৈরি করেছেন পাঁশকুড়া ব্লক কৃষাণ ক্ষেতমজুর সেলের ব্লক সভাপতি হরিশ্চন্দ্র প্রামানিক। এ বিষয়ে পাঁশকুড়া বিডিওর কাছে একটি অভিযোগপত্র জমা পড়েছে ওই তৃণমুল নেতার বিরুদ্ধে।
অভিযোগকারী জানিয়েছেন, হরিশ্চন্দ্র প্রামানিকের দুতলার একটি পাকা বাড়ি রয়েছে। তারপরেও, ২০২০ - ২১ অর্থ বর্ষে আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে পেয়েছিলেন হরিশ্চন্দ্র ও তার বাবা সতীশচন্দ্র প্রামানিক। ব্লক সূত্রে খবর বাড়ি তৈরির কয়েকটি ধাপে উপভোক্তাকে টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে ওই নেতা দুটি দোকান তৈরি করেছেন।

শাটার দেওয়া বাড়ির দেওয়ালে প্রধানমন্ত্রী আবাস যোজনা দুটি বোর্ড লাগানো রয়েছে। যেখানে লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাঁকে এবং তাঁর বাবাকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে । দোকান ঘরের পাশেই সেই বাড়ির সঙ্গে সংযোগ রেখে দোতলা বাড়ি রয়েছে তাঁর। সেই পাকা বাড়ি ২০১৩ সালে তৈরি বলে জানিয়েছেন তৃণমূল নেতা হরিশচন্দ্র প্রামাণিক।
এ বিষয়ে পাঁশকুড়া ব্লকের বিডিও জানান, অভিযোগ পেয়েছেন। তদন্ত করে দেখা হবে। স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি সুজিত রায় বলেন, তারা জানতেন না আবাস যোজনার টাকায় দোকান ঘর তৈরি করেছেন ওই তৃণমূল নেতা। যদি সত্য প্রমানিত হয়, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে।
এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব বলছে, মানুষের প্রাপ্য টাকা এভাবেই তৃণমূল নেতারা প্রভাব খাটিয়ে কেউ দোকান বাড়ি আবার কেউ অট্টালিকা তৈরি করেছেন। প্রধানমন্ত্রীর দেওয়া আবাস যোজনা টাকা প্রকৃত গরিবরা পাচ্ছেন না।












Click it and Unblock the Notifications