অভিষেক কঠোর হচ্ছেন, পঞ্চায়েত প্রধানের পর ইস্তফার নির্দেশ খড়গপুর পুরপ্রধানকেও
পঞ্চায়েত প্রধানের পর ইস্তফার নির্দেশ খড়গপুর পুরপ্রধানকেও
যে সমস্ত পঞ্চায়েত প্রধানরা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তাঁদের একে একে ইস্তফার নির্দেশ দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নদিয়ার সভামঞ্চ থেকে গ্রাম প্রধান ও ব্লক সভাপতিদের সাবধানও করেছেন তিনি।
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ইস্তফার নির্দেশ দেওয়া হল পুরসভার চেয়ারম্যানকেও। খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি। পঞ্চায়েতের পাশাপাশি বেশ কিছু পুরসভাতেও নির্বাচন। তার আগে পুরপ্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে তৃণমূল কংগ্রেস।

ইস্তফার নির্দেশ তৃণমূলের
বাংলায় পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনের প্রাক্কালে যাঁদের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় দুটি পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ দেওয়ার পর খড়গপুর পুরপ্রধানের ক্ষেত্রেও নির্দেশ জারি হল।

খড়গপুর পুরপ্রধানকে নির্দেশ
খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারকে পদ থেকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়েছে জেলা তৃণমূলের পক্ষ থেকে। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি এই নির্দেশ দিয়েছে। তিনি জানান, শুক্রবারই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর খড়গপুর পুরপ্রধানকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।

ইস্তফার নির্দেশে চাপা উত্তেজনা
অজিত মাইতি অবশ্য এই ইস্তফার পিছনে নিস্ক্রিয়তার কারণ দর্শাননি। তিনি বলেন, ভোটের মুখে প্রদীপকে দল অন্য কাজে ব্যবহার করতে চায়। তাই তাঁকে ইস্তফা দেওয়ার কথা বলা হয়েছে। যদিও এই ইস্তফার নির্দেশ নিয়ে দলের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে।

পুরসভার চেয়ারম্যানকে ইস্তফা
অজিত মাইতি বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাকে নির্দেশ দিয়েছিলেন খড়গপুর পুরসভার চেয়ারম্যানকে ইস্তফা দেওয়ার কথা জানানোর। সেইহেতু তাঁকে সেই নির্দেশিকার কথা জানানো হয়েছে। জেলা তৃণমূলের এই সিদ্ধান্ত জানানোর পর খড়গপুর পুরপ্রধানের তরফে উষ্মা প্রকাশ করা হয়েছে।

প্রদীপকে নিয়ে জেলা কো-অর্ডিনেটর
অজিত মাইতি এরপর বলেন, প্রদীপের সঙ্গে আমার কথা হয়েছে। কোনও ক্ষোভ-বিক্ষোভের বিষয় নয়। প্রদীপকে দল অন্য কাজে ব্যবহার করতে চায়, তাই তাঁকে পুর-চেয়ারম্যানের পদ ছাড়তে বলা হয়েছে। সে শীঘ্রই পদ থেকে ইস্তফা দেবে। এবং দল তাঁকে যা দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালন করবে।

কী বলছেন প্রদীপ সরকার
এরপর প্রদীপ সরকার বলেন, আমি এই মুহূর্তে খড়গপুরে নেই। আগামীকাল ফিরে এসে পুরসভায় গিয়ে নির্দিষ্ট পদ্ধতি মেনে ইস্তফা দেব। দল আমাকে এই পদে বসিয়েছে। দল এখন আমাকে সরিয়ে দিতে চাইলে, অনুগত সৈনিকের মতো সেই নির্দেশ মেনে নেব। এবং দল যে দায়িত্ব দেবে তা পালন করব।












Click it and Unblock the Notifications