ভগবানপুরে বিজেপি কর্মীর কান কেটে নিল তৃণমূল? চলছে রাজনৈতিক চাপানউতোড়
রাজনৈতিক উত্তেজনা। আর তারপর কান কাটা গেল এক বিজেপি কর্মীর? পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ইসলামপুর গ্রামের ঘটনা। আর এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল। এলাকায় যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে।
কান কাটা যাওয়া ব্যক্তির নাম সুব্রত বাগ। বর্তমানে আহত ওই ব্যক্তি তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আহত ব্যাক্তির অভিযোগ, তার ভাই শুভঙ্কর বাগকেও মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তার হাত ও পা মেরে ভেঙে দেওয়া হয়। আহত দুই ভাই এই মুহূর্তে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

জানা গিয়েছে , শুভঙ্কর বাগ ও সুব্রত বাগ দুই ভাই আগে শাসক দল তৃণমূলের কর্মী সমর্থক ছিলেন। কিন্তু তারা তৃণমূল ছেড়ে বেরিয়ে আসে। বিজেপিতে যোগ দেন। সেই কারণে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের আগে থেকেই ক্ষোভ দানা বেঁধেছিল।
গতকাল মঙ্গলবার রাত নটা নাগাদ স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন দুই ভাই। সেই সময় তাদের পথ আটকায় স্থানীয় তৃণমূল কর্মীরা। বিকাশ বাগ নামে এক তৃণমূল নেতা ও তার সহকারীরা দলবল নিয়ে তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। পথ আটকে অতর্কিতভাবে মারধর করা হয়। ছুরি দিয়ে সুব্রত নামে ওই বিজেপি কর্মীর কান কেটে নেওয়া হয়। তার ভাই শুভঙ্করকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে তৃণমূল।
ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মী সমর্থকরা ওই জায়গায় ছুটে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। তাদের দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল।
এই ঘটনার পর থেকেই উত্তেজিত বিজেপির কর্মী সমর্থকরা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও কিছুই বলতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার পরে চরম উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications