নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী দেবাংশুকে গো ব্যাক স্লোগান বিজেপির, সাময়িক উত্তেজনা
দেবাংশু ভট্টাচার্যকে দেখে এবার জয় শ্রীরাম স্লোগান। প্রবল গরমের মধ্যে আরও উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম ঘোলপুকুর কালীবাড়ি এলাকা৷ প্রচারে বেরিয়ে সেখানে পৌঁছেছিলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়।
তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তমলুকের প্রার্থী। এদিন সকালে নন্দীগ্রাম ঘোলপুকুর কালীবাড়ি এলাকায় প্রচারের জন্য তিনি গিয়েছিলেন। তাঁর সঙ্গে অনেক বিজেপি কর্মী - সমর্থকও ছিল। সেখানে বিজেপির লোকজন তাদের পথ আটকায় বলে অভিযোগ।

তৃণমূল প্রার্থীকে দেখে বিজেপির তরফে জয় শ্রীরাম স্লোগান তোলা হয়৷ গো ব্যাক স্লোগানের মুখেও পড়তে হয় দেবাংশুকে৷ তৃণমূল কর্মী - সমর্থকরাও উত্তেজিত হয়ে পড়েন। সেখানে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়।
তবে শুধু স্লোগান নয়, কালী বাড়ি মন্দিরের সামনে গিয়ে ফিরে আসতে হয় তাঁকে। কারণ, মন্দিরের পুরোহিত বলছেন, এই মন্দির র্নিমাণের সময় টাকা নিয়েছে তৃণমূল। স্থানীয়দের বিক্ষোভের পর প্রচার বন্ধ করে দেন তৃণমূল প্রার্থী। সেখান থেকে ফিরে আসতে হয় দেবাংশু ভট্টাচার্যকে।
ঘটনাস্থলে র্যাফ ও পুলিশ বাহিনী ছিল৷ সেই কারণে বড় কোনও ঝামেলা হয়নি। পুলিশ ওই এলাকা থেকে তৃণমূল ও বিজেপির লোকজনদের সরিয়ে দেয়। তবে এলাকায় যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে। ঘটনায় বিজেপির থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
বিষয়টি নিয়ে দেবাংশু ভট্টাচার্য বলেন, আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে ওরা। তাই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। রামের নামে স্লোগান দেওয়া হলে পালটা হরে কৃষ্ণ বলা হবে। বিজেপি আগাপাশতলা একটি অসভ্য দল। এদের নিয়ে কিছু করার নেই। মানুষ এদের উপযুক্ত জবাব দেবে। তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা কর্মী - সমর্থকরা মেনে চলবে। এই কথাই জানিয়েছেন দেবাংশু।












Click it and Unblock the Notifications