মাধ্যমিকে পাশের হারে পিছিয়ে পূর্ব মেদিনীপুর, তবে কোন নজির গড়ল বিদ্যাসাগরের জেলা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জেলা পূর্ব মেদিনীপুর। সেই জেলা বরাবরই পড়াশোনা, পাশের হারে এগিয়ে থাকে। এই কথা বাংলায় প্রচলিত আছে। রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় বিগত বছরগুলিতে পাশের হারে সব সময় প্রথমেই থেকেছে এই জেলা। তবে এবার পদস্খলন।
পূর্ব মেদিনীপুরকে ছাপিয়ে গেল উত্তরবঙ্গের এক জেলা। পাহাড়, সবুজ বনানীতে মাখা কালিম্পংয়ে এবার মাধ্যমিকে পাশের হার সব থেকে বেশি। বৃহস্পতিবার সকালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সেই সময় এই বার্তা দেওয়া হয়। বিভিন্ন মহলে এই বিষয়ে চর্চাও হয়েছে।

গত বছর ২০২৩ সালে পাশের হারে এক নম্বর স্থানে ছিল পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে ছিল কালিম্পং। এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলাকে ছাপিয়ে গেল কালিম্পং। সেই জেলার পাশের হার ৯৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। ২০২৪ সাল চলতি বছর পূর্ব মেদিনীপুর জেলার পাশের হার ৯৫.৪ শতাংশ।
পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। পাশের হারে পূর্ব মেদিনীপুর জেলা দ্বিতীয় স্থানে থাকলেও সম্ভাব্য মেধা তালিকায় স্থান পেয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মোট সাত জন। এই ঘটনা যথেষ্ট উল্লেখযোগ্য।
মেধা তালিকায় রয়েছে, সুপম কুমার রায় জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুল, কৌস্তুভ মল, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন। দুজনেই সপ্তম স্থান অধিকার করেছে। নবম স্থানে রয়েছে জেলার দুই জন। শায়ক শাসমল, সাগর জানা, (রামকৃষ্ণ মিশন আশ্রম শিক্ষায়তন), সাগ্নিক ঘটক (বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন)। দশম স্থানে আছে সম্পদ পারিয়া (কন্টাই মডেল ইনস্টিটিউশন), ঋতম দাস (কন্টাই মডেল ইনস্টিটিউশন)।
কলকাতায় এবার বেশ অনেক বছর পর মাধ্যমিক পরীক্ষার ফলাফল ভালো হয়েছে বলে খবর। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার পাশের হার কমল কীভাবে? কেন প্রথম স্থান হারালো ওই জেলা? সেই বিষয়ে শিক্ষা মহলে চর্চা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications