রাজনীতির ময়দানে নামার পর প্রথমবার! অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগ
প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়েছে। তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির নেতার অভিযোগের প্রেক্ষিতে এফআইআর করেছে পুলিশ। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।
প্রাক্তন বিচারপতি রাজনীতির ময়দানে নামার পরে প্রথম এফআইআর দায়ের হল। এই দফায় তার বিরুদ্ধে খুনের চেষ্টা ছাড়াও, মহিলাদের সম্মানহানি, মারধরের অভিযোগ আনা হয়েছে।

- শনিবার তমলুকে তুলকালাম
শনিবার তমলুকে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। তমলুক হাসপাতাল মোড়ে তৃণমূলপন্থী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে চাকরিহারারা সোমবার থেকে অবস্থান করছেন। সেই জায়গা দিয়ে যাওয়ার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রোড শোকে ঘিরে চোর চোর স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় বিজেপি কর্মীরাও তেড়ে যান। হাতাহাতি শুরু হয়ে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
- তৃণমূলের অভিযোগ
তৃণমূলের অবস্থানকারীদের অভিযোগ তাঁদের লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। এছাড়া সেখানে থাকা চেয়ার ভাঙা হয়। শিক্ষকদের প্রতি মহিলারা জুতো প্রদর্শন করেন। পাথরের আঘাতে একজন শিক্ষক ও আরেক শিক্ষিকা ইতিমধ্যেই তমলুক হাসপাতালে ভর্তি। শিক্ষকদের দাবি তাদেরকে প্রাণে মারার চেষ্টা করেছিল বিজেপি কর্মীরা। এবং সম্পূর্ণটাই অভিতিৎ গঙ্গোপাধ্যায়ের প্ররোচনায়।
- এফআইআর পুলিশের
এই ঘটনায় তৃণমূলের প্রাথমিক শিক্ষক নেতার অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছে তমলুক থানার পুলিশ। তমলুক থানার এফআইআরে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড়াও নাম রয়েছে যুব মোচার নেতা প্রশান্ত দাসের।
- বিজেপির দাবি
বিজেপির তরফে দাবি করা হয়েছে শনিবার যখন তমলুক হাসপাতাল মোড়ে অশান্তির ঘটনা ঘটে, সেই সময় কাছাকাছি ছিলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিমি দূরে খোলা গাড়িতে ছিলেন তিনি। এরপরে দলের প্রার্থীর বিরুদ্ধে একাধিক ধারা মামলা নিয়ে পুলিশের পদক্ষেপে প্রশ্ন তুলেছে বিজেপি।
- কী বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
শনিবারের ঘটনা প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এটা তৃণমূলের সাজানো ঘটনা। তিনি নিয়োগ দুর্নীতি নিয়ে কুণাল ঘোষের কথা উল্লেখ করেন। প্রসঙ্গত কুণাল ঘোষ বলেছিলেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ দুর্নীতি নিয়ে খবর ছিল তৃণমূলের কাছে। আর তিনি (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) এব্যাপারে হাইকোর্টে বলেছিলেন ২০২২-এ।












Click it and Unblock the Notifications