শেখ শাহজাহান অসুস্থ, হয়ত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে, বিস্ফোরক দাবি কারামন্ত্রী অখিল গিরির
শেখ শাহজাহান প্রসঙ্গে মুখ খুলে বিতর্কে জড়ালেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। শেখ শাহজাহানকে ইডি, রাজ্য পুলিশ খুঁজছে। সন্দেশখালির বাড়ির বাইরে ইডি সিজার লিস্ট সাঁটিয়ে দিয়ে এসেছে। নিখোঁজ শেখ শাহজাহান। আর তিনি অসুস্থ আছেন। এমনই দাবি করলেন অখিলের।
শেখ শাহজাহান অসুস্থ। তিনি চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন কারামন্ত্রী। আর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। শেখ শাহজাহান সম্পর্কে কীভাবে এই কথা বললেন মন্ত্রী? তাহলে সন্দেশখালির বেতাজ বাদশা সম্পর্কে তাঁর কাছে খবর আছে?

বৃহস্পতিবার হলদিয়ায় শ্রমিক মেলার উদ্বোধনে এসেছিলেন অখিল। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। শেখ শাহজাহান সম্পর্কে প্রশ্ন করেন এক সাংবাদিক। তখনই তিনি বিস্ফোরক দাবি করে বসেন। চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন শেখ শাহজাহান। পশ্চিমবঙ্গের বাইরে আছেন শাহজাহান।
একবার নয়, একাধিক বার এই কথা বলেন তিনি। কারামন্ত্রী বলেন, পুলিশ হয়তো খুঁজে পাচ্ছে না। অপরাধী ধরা পড়বে। শাহজাহান অসুস্থ ছিলেন। তাই চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন। কী ধরনের অসুস্থতা আছে শাহজাহানের? সেই বিষয়ে বলতে পারেননি মন্ত্রী। ইডি, পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন ইডির উপর হামলার ঘটনায় অন্যতম এই অভিযুক্ত? অখিল গিরি বলেন,আত্মসমর্পণ করবেন কী না, সেটা তার ব্যাপার।
অখিল গিরি এর আগেও একাধিক বার মন্তব্য করে রাজনৈতিক চর্চায় উঠে এসেছেন। দেশের রাষ্ট্রপতি সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছিলেন তিনি৷ তাই নিয়ে তীব্র অসন্তোষ দানা বাঁধে। অখিল ক্ষমা চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়। খোদ মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছিল।
এরপর রাজ্যের রাজ্যপাল সম্পর্কেও বিরূপ মন্তব্য করেন তিনি। পুজোর সময়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দুর্গাপুজোয় হাজির হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই বিষয়কে সামনে রেখে কটাক্ষ করেছিলেন। তবে সেই বক্তব্য খুব বেশি জলঘোলা করেনি। এবার শেখ শাহজাহান সম্পর্কে মন্তব্য করে বসলেন কারামন্ত্রী।
শেখ শাহজাহান ইডির উপর হামলার ঘটনার দিন থেকেই উধাও। তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না বলে খবর।এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, শেখ শাহজাহান এলাকাতেই আছেন। পুলিশের আশ্রয়ে এই অভিযুক্ত আছেন। অন্যান্য বিরোধী নেতারাও একইভাবে এই দাবি করছেন।
গতকাল ইডি সন্দেশখালিতে ফের যান তল্লাশি অভিযানে। শেখ শাহজাহানের বাড়িতে তালা ভেঙে তদন্তকারীরা ঢোকেন। কিন্তু তেমন কিছুই পাওয়া যায়নি তল্লাশিতে।












Click it and Unblock the Notifications