Post-Pole violence: নন্দীগ্রামে ঘরছাড়াদের ঘরে ফেরাল তৃণমূল, বিজেপিকে নিশানায় হুঙ্কার কুণালের
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকে যে হিংসার শুরু হয়েছে নির্বাচনোত্তর পর্বেও তার শেষ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই হিংসার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নন্দীগ্রামের ক্ষেত্রে অভিযোগের তির বিজেপির দিকে। নন্দীগ্রামে বিজেপির আক্রোশে বহু তৃণমূল কর্মী ঘরছাড়া।
এই পরিস্থিতিতে ঘরছাড়া তৃণমূল নেতা-কর্মীদের ফেরানোর ব্যবস্থা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সঙ্গে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন মহাপাত্র-সহ ব্লক নেতারা। তৃণমূলকর্মীদের ঘরে ফেরাতে গিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল।

নন্দীগ্রামে বয়াল এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে ভোট হিংসা অব্যাহত রয়েছে ফলাফল প্রকাশের পর থেকে। ভোট পরবর্তী হিংসায় ১৫ থেকে ২০ জন তৃণমূলকর্মী আক্রান্ত হয়েছেন এই দুই অঞ্চলের। এদিন আহতদের দেখতে যান কুণাল ঘোষ, শশী পাঁজা, সৌমেন মহাপাত্র-রা। সেখানে গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
আক্রান্ত মহিলার বাড়ির সামনে দোষীদের দ্রুত গ্রেফতার করার দাবিতে ধরনায় বসেন কুণাল ঘোষ ও শশী পাঁজা। সেই ধরনা মঞ্চ থেকে পুলিশকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন তিনি। তাঁর হুঙ্কার, ২৪ ঘন্টার মধ্যে দোষীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা।
তৃণমূলের অভিযোগ, ঘাসফুল শিবিরের সাফল্যের পর বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে চড়াও হয়ে হামলা চালাচ্ছে। আতঙ্কে তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীদের অনেকেই ঘরছাড়া। আহতদের অনেককে ভর্তি করা হয়েছে এসএসকেএমে। এক মহিলাকে গাছে বেঁধে পেটানো হয়েছে বলে অভিযোগ। এরপরই কুণাল ঘোষ, শশী পাঁজা, সৌমেন মহাপাত্ররা এদিন গ্রামে পৌঁছন।

তৃণমূল নেতা-কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে ভরসা জোগান। ঘরছাড়াদের গ্রামে ফিরিয়ে দিয়ে বার্তা দেন, অবিলম্বে গ্রেফতার করতে হবে অপরাধীকে। পুলিশের উপর আস্থা রেখেই তাঁরা ২৪ ঘণ্টা সময় দেন। আর দলের কর্মীদের উদ্দেশে তাঁদের বার্তা কোনও প্ররোচনায় পা দেবেন না। হিংসার বদলা হিংসা দিয়ে নেবেন না। ভরসা রাখুন প্রশাসনের উপর।
শনিবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়ায় তৃণমূল নেত্রী সোনারানি হাজরাকে গাছে বেঁধে বর্বরোচিতভাবে মারধর করা হয়। তার পাশাপাশি বাড়ি ভাঙচুর করা হয়। চালানো হয় লুঠপাট। এই ঘটনায় অনেকে আহত হন, অনেকে আতঙ্কে ঘরছাড়া হন। তারপর এদিন তৃণমূল নেতৃত্ব গ্রামে গিয়ে আশ্বস্ত করে আক্রান্তদের। প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে প্রতিরোধোর রাস্তায় হাঁটবে তৃণমূল, সেই বার্তাও দিয়ে রাখেন তাঁরা।












Click it and Unblock the Notifications