Panchayet Election 2023: পঞ্চায়েত ভোটেও প্রেস্টিজ ফাইট নন্দীগ্রামে, শুভেন্দুর নেতৃত্বে আজ মনোনয়ন জমা বিজেপির
বিধানসভা ভোটের পর পঞ্চায়েত ভোটও নন্দীগ্রামে হাইভোল্টেজ হতে চলেছে। যাকে বলে প্রেস্টিজ ফাইটে পরিণত হতে চলেছে। আজ বিজেপির প্রার্থীরা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাবেন।
পঞ্চায়েত ভোট ঘোষণার পর মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে জেলায় জেলায় অশান্তির ঘটনা ঘটছে। বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তির ঘটনা প্রকাশ্যে আসছে।

পঞ্চায়েত ভোট ঘোষণার প্রথম দিন থেকে তার বিরোধিতা করে আসছে বিজেপি। আদালতে ভোট পিছনোর আর্জি জানিয়েছে বিজেপি। এমনকী মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় পর্যাপ্ত নয় বলেও অভিযোগ করেছে বিজেপি। এই নিয়ে হাইকোর্টে মামলা চলছে। তার আগেই জেলায় জেলায় মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়ে গিয়েছে।

মনোনয়নে অশান্তি থামাতে কমিশন ১৪৪ ধারা জারি করেছে বিডিও অফিসের সামনে। কিন্তু কমিশনের নির্দেশিকা অমান্য করেই চলছে মনোনয়ন জমা। জেলায় জেলায় শাসক দলের নেতা কর্মীরা বিরোধীদের মনোনয়ন জমা দিতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে বিজেপি।
এবার তাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামের বিজেপি প্রার্থীরা মিছিল করে বিডিও অফিসে গিয়ে মনোনয়ন পত্র জমা দেবেন। কোনও ভাবে যাতে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমায় বাধা না দেওয়া হয় সেদিকে নজর রাখবেন তিনি। শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নন্দীগ্রামে। সকাল থেকেই নন্দীগ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা নিয়ে টুইটে একাধিকবার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছিলেন, বি়ডিও অফিসে ইচ্ছে করে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন পত্র দিতে দেরী করা হচ্ছে। তাঁদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তাতে মনোনয়ন পত্র জমা দিতে পারছেন না বিরোধীরা। এমনকী শাসক দলের নেতাকর্মীদের বাড়িতে মনোনয়ন পত্র হোমডেলিভারি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।












Click it and Unblock the Notifications