Panchayat Election Results 2023: শুভেন্দু-ঘনিষ্ঠ বিজেপি নেতা গ্রেফতার, রাজনৈতিক মহলে চাঞ্চল্য
Panchayat Election Results 2023: পঞ্চায়েত নির্বাচন মিটতেই আচমকা পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার পুলিশ গ্রেফতার করল কণিষ্ক পণ্ডাকে। তিনি রাজ্যেক বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ।
আজ দুপুরে বাড়ি থেকেই কণিষ্ককে পুলিশ গ্রেফতার করেছে। যা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

আজ দুপুরে জনা তিরিশেক পুলিশকর্মী প্রথমে ঘিরে ফেলেন কণিষ্কর কাঁথির বাড়ি। হঠাৎ এমন ঘটনায় বিস্মিত হয়ে যায় বিজেপি নেতা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কণিষ্কর নামে ওয়ারেন্ট আছে। তাঁকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। যদিও কী কারণে ওয়ারেন্ট তা জানতে চেয়ে প্রথমে দরজা খোলেননি কণিষ্ক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরপর দরজা ভাঙার উপক্রম করে পুলিশ। তখন বাড়ি থেকে বের হলেই গ্রেফতার করা হয় কণিষ্ককে। নিয়ে যাওয়া হয় মারিশদা থানায়। পুলিশ এখনও গ্রেফতারি নিয়ে কিছু জানায়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, ২০১৩ সালে নির্বাচন সংক্রান্ত একটি মামলাতেই গ্রেফতার করা হয়েছে।

ভোট পরবর্তী সময়ে এই ধরনের বিজেপি নেতাকে গ্রেফতার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন- উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অভিযোগ তুলে গ্রেফতার করা হয়েছে কনিষ্ক পন্ডাকে।
একটা সময় কংগ্রেস করতেন। পরে তৃণমূলে যান। ২০১৮ সালে কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতি থেকে তৃণমূলের টিকিটেই জিতে বন ও ভূমি কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে তিনি শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে বিজেপিতে যোগদান করেন। পঞ্চায়েত সমিতির পদে ইস্তফা দিয়েই।
শুভেন্দু বিজেপিতে যোগদানের আগে থেকেই দাদার অনুগামীদের সংগঠিত করতে বড় ভূমিকা নেন কণিষ্ক। তাঁর বিরুদ্ধে পুরানো বেশ কয়েকটি মামলা ছিল। দশ বছর আগের পুরানো মামলায় এই গ্রেফতারিতে রাজনৈতিক প্রতিহিংসাই দেখছে বিজেপি। উল্লেখ্য, ২০১৮-র তুলনায় এবার নির্বাচনে বিজেপি বহু গুণ আসন বাড়িয়েছে পূর্ব মেদিনীপুরে।












Click it and Unblock the Notifications