Panchayat Election Results 2023: নন্দীগ্রামে শুভেন্দুর বুথে পরাস্ত তৃণমূল, বিজেপির থাবা পঞ্চায়েত সমিতিতেও
Panchayat Election Results 2023: বিধানসভা ভোটের মতোই পঞ্চায়েত নির্বাচনে নজরে নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি নন্দীগ্রামে প্রেস্টিজ ফাইট তৃণমূলের।
বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যদিও সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে নন্দীগ্রাম পুনরুদ্ধারে মরিয়া হয়ে ওঠে তৃণমূল কংগ্রেস।

নন্দীগ্রাম বিধানসভা এলাকার বিভিন্ন পঞ্চায়েত ভোটের তথ্য দিতে গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ। রাজনৈতিক মহলের ধারণা, বিজেপি ভালো ফল করলে অশান্তির আবহ এড়াতেও সুকৌশলে ফল ঘোষণা করা হচ্ছে। যদিও ট্রেন্ড বলছে, নন্দীগ্রামে বিজেপি ভালো ফল করার দিকেই এগোচ্ছে।
নন্দীগ্রামের নন্দনায়েক বাড় বুথে ভোট দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক ভোটের দিন এই বুথের বাইরে বেরোতে পারেননি। শাসক দলের মন্ত্রী, সাংসদদের মতো বিভিন্ন বুথে ঘুরতে পারেননি আদালত ও কমিশনের নির্দেশকে মান্যতা দিয়েই।
ভোট দিতে গিয়ে বিজেপি ও তৃণমূল প্রার্থীর সঙ্গে কথা হয়েছিল শুভেন্দুর। নন্দীগ্রাম পঞ্চায়েতের ৭৭ নং বুথের ভোটার নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা। এখানে বিজেপি প্রার্থী রুম্পা দাস হারিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেবা সামুই মাইতিকে। জয়ের ব্যবধান ৮৩ বলে জানা যাচ্ছে।
শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া, নন্দীগ্রাম ও হরিপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে গিয়েছে। এ ছা়ড়া নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ১, বয়াল ২ ও খোদামবাড়ি গ্রাম পঞ্চায়েতেও জিতেছে বিজেপি।
সূত্র মারফত জানা গিয়েছে, নন্দীগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির ৭টি আসনের মধ্যে ২টিতে জিতেছে বিজেপি। বয়াল ১ নং পঞ্চায়েতের ১৩টি আসনের মধ্যে বিজেপি জিতেছে আটটিতে, তৃণমূল পাঁচটিতে। বয়াল ২ নং গ্রাম পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৯টিতে, তৃণমূল সাতটিতে।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনী না মোতায়েন করে দুষ্কৃতীদের দিয়ে নন্দীগ্রামের বিভিন্ন বুথে ভোট লুঠ করা হয়েছে। যদিও তাতেও তৃণমূলের লাভ হবে না। তৃণমূলমুক্ত নন্দীগ্রাম গড়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন শুভেন্দু। সেই লক্ষ্য পূরণ হবে কিনা তা বলবে সময়। শুভেন্দু আরও বলেছিলেন, যদি কেউ জেতেও ৬ মাসের মধ্যে কী করতে হয় তা জানি।
নন্দীগ্রামে বিজেপি সব আসনে প্রার্থী দিতে পারেনি। যা নিয়ে শাসক দল কটাক্ষ করে বিজেপিকে। শুভেন্দুর দাবি ছিল, বিজেপি বেশিরভাগ জায়গাতেই জিতবে। বাকি পঞ্চায়েতে জিতবে মানুষের জোট। তৃণমূলকে বিধানসভা ভোট দেওয়া অনেকেই মুখ ফিরিয়ে এবার প্রতিরোধ করেছেন বলেও দাবি বিরোধী দলনেতার।
নন্দীগ্রামেও তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ ছিল। সেই সঙ্গে দলের একাংশ শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছে বলেও অভিযোগ ওঠে। নন্দীগ্রামে শুভেন্দুকে ব্যক্তিগত আক্রমণও করেন তৃণমূলের নেতারা। যদিও নিজের গড়ে শেষ অবধি তৃণমূলকে ধরাশায়ী করে বড় বার্তাই দিলে শুভেন্দু।












Click it and Unblock the Notifications