Panchayat Election 2023: নন্দীগ্রামে কোন্দলের জেরে প্রার্থী বদল তৃণমূলের, মুখ পুড়িয়ে কী বললেন সুফিয়ান?
Panchayat Election TMC Changed Candidate At Nandigram: পঞ্চায়েত নির্বাচনে দলের একাংশের বিক্ষোভের জেরে নন্দীগ্রামে প্রার্থী বদল করতে হলো তৃণমূল কংগ্রেসকে। প্রার্থী করা হলো নবজোয়ারের ভোটে জেতা সামশুল ইসলামকেই।
বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তারপরই বিক্ষোভে সামিল হন তৃণমূলের একাংশ। ব্লক পার্টি অফিসে তিনটি তালা লাগিয়ে চলতে থাকে বিক্ষোভ। এরপরই প্রার্থী বদল।

শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে এই ঘটনার মধ্যে দিয়েই আরও একবার সামনে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যে ভোটাভুটি হয়েছিল সেখানে সুফিয়ান মাত্র ৯টি ভোট পান, সামশুল পেয়েছিলেন ৭১টি ভোট। কিন্তু সুফিয়ান প্রার্থী হতেই তৃণমূলের নেতা-কর্মীরা প্রার্থী বদলের দাবি জানান।

তৃণমূল কর্মীদের অভিযোগ, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে রাজনৈতিক কর্মসূচিতে সুফিয়ান সক্রিয় নন। নবজোয়ারের ভোটের পর সকলেই নিশ্চিত ছিলেন, সামশুলই প্রার্থী হবেন। কিন্তু তা না হওয়ায় গতকাল দুপুর থেকে বিক্ষোভ দেখাতে থাকেন সামশুলের অনুগামীরা। রাতে কুণাল ঘোষের সঙ্গে কথা হয় সুফিয়ানের।

শেখ সুফিয়ান আজ জানান, ভোটের টিকিট পাওয়া নিয়ে যে ঘটনা ঘটেছে তা দলের ভাবমূর্তিকে আঘাত করেছে। কুণাল ঘোষ জানতে চেয়েছিলেন এই পরিস্থিতিতে কী করণীয়। আমি বলেছি, দল যা নির্দেশ দেবে আমি সেটাই মেনে চলব। দল চাইলে আমি মনোনয়ন জমা দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কাজ করব।

যদিও সুফিয়ান বিক্ষোভকারীদের প্রতি কটাক্ষ করে বলেন, কারা বিক্ষোভ দেখাল, কে চুরি করল, কে ডাকাতি করল, কে কোন পদে এসে বসল, কে বিজেপি করল তা নিয়ে আমি কিছু বলব না। দলের আইপ্যাক রয়েছে, এ ছাড়া আইবি, সিআইডিও রয়েছে। তাদের মাধ্যমেই সঠিক বিষয়টি সকলের সামনে আসবে।
সুফিয়ান বলেন, দলের জন্মলগ্ন থেকে পার্টি করছি। সিপিআইএমের হাতে মার খেয়েছি। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে আন্দোলন চালিয়েছি। ২০০৮ সালে পূর্ত কর্মাধ্যক্ষ, ২০১৩ ও ২০১৮ সালে জেলা পরিষদের সহ সভাধিপতির দায়িত্ব সামলেছি। তবে দলের নির্দেশ মেনে মনোনয়ন জমা দিচ্ছি না।












Click it and Unblock the Notifications