Panchayat Election 2023: নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল, শুভেন্দুকে কেন মেদিনীপুরের লজ্জা বললেন অরূপ?
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের আগেই নন্দীগ্রামে বিজেপিতে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। টেঙুয়া মোড়ের সভায় ভেকুটিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ৪৬টি পরিবার তৃণমূলের ছাতার তলায় এলেন।
এই সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর উদ্দেশে বড় চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা কলকাতা পুরসভার কাউন্সিলর অরূপ চক্রবর্তী।

অরূপের কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাগজে মুড়ে টাকা নিতে দেখা যায়নি। কিন্তু যাঁকে দেখা গিয়েছিল তিনি বাইরের প্রভুর পদলেহন করে, নরেন্দ্র মোদী ও অমিত শাহর পা ধরে বলেছেন, আমাকে বিজেপিতে নিন যাতে সিবিআই-ইডি জেলে না ঢোকায়। যা সেই মেদিনীপুরের লজ্জা, যে মেদিনীপুর ব্রিটিশদের কাছে মাথা নত করেনি।
সারদা, নারদ কাণ্ডে টাকা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে বাঁচতেই শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছেন বলে মন্তব্য অরূপের। তিনি আরও বলেন, ২০২১ সালে নন্দীগ্রামের মানুষের রায় সঠিকভাবে প্রতিফলিত হয়নি। নির্বাচন কমিশনকে হাতিয়ার করে লোডশেডিং করে জিতেছেন। সে কারণেই ৮ জুলাই মীরজাফর, ডাকাত, গদ্দার অধিকারীর মুখে ঝামা ঘষে দেবেন নন্দীগ্রামের গণদেবতা।

চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত বিজেপির লেখা দেওয়ালের পাশেই অর্ধেকটা সিপিআইএমের জন্য ছেড়ে রাখার অভিযোগ করে অরূপ বলেন, যিনি নাকি সিপিআইএমের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন তিনিই এখন ওই দলের জন্য দেওয়াল ছেড়ে রেখেছেন! কংগ্রেস-সিপিআইএম-বিজেপি একজোট হয়েছে। জগাই-মাধাই-গদাইকে পঞ্চায়েত নির্বাচনে ভোদাই বানিয়ে দেবেন মানুষ।

এদিনের সভা থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ৪৬টি পরিবারের প্রায় ২৫০ মানুষ। বিজেপি-ত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অরূপ চক্রবর্তী, বৈশ্বানর চট্টোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, ঋজু দত্ত, অয়ন চক্রবর্তীরা। উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ১ নং ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ-সহ পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীরা।
নিমাই আচার্য ও লোকনাথ বারিকের মতো বিজেপি নেতাদের সঙ্গেই তৃণমূলে যোগদান করল এতগুলি পরিবার। দলত্যাগী নেতা লোকনাথ বারিক জানান, বিধায়ক তহবিল থেকে অঞ্চলের কোনও উন্নয়ন করেননি বিরোধী দলনেতা। তা নিয়ে গ্রামের মানুষ অভিযোগ জানালে উল্টে দুর্ব্যবহার করেন তিনি। সেই ক্ষোভেই তৃণমূলে যোগদান।












Click it and Unblock the Notifications