Panchayat Election 2023: নন্দীগ্রাম থানার দায়িত্ব নিলেন নতুন আইসি, রাজনৈতিক চাপানউতোর চরমে
Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রাম থানায় দায়িত্ব নিলেন নতুন আইসি। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বিষয়টিকে আমল দিলেন না।
শুভেন্দু অধিকারীর বক্তব্যের রেশ ধরে তাঁকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

নন্দীগ্রাম থানার আইসি সুমন রায়চৌধুরী ছুটিতে গিয়েছেন। সেই কারণ দেখিয়ে কাশীনাথ চৌধুরীকে ওই থানার আইসির দায়িত্ব নিতে বলা হয়েছে। নন্দীগ্রাম বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। পঞ্চায়েত ভোটের কয়েক দিন আগেই সেখানকার আইসি বদল নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
শুভেন্দু অধিকারী এদিন ঝাড়গ্রামে একাধিক প্রচার কর্মসূচি সেরে এসে সন্ধ্যায় সভা করলেন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ হাই স্কুল মাঠে। সেখানেই নন্দীগ্রাম থানায় নতুন আইসি প্রসঙ্গে তিনি বলেন, আইসিকে এখন বদলাতে পারবে না। তাই ছুটিতে যেতে বলেছে। আইসিকে তৃণমূলের ক্যাডার বলেও উল্লেখ করেছেন শুভেন্দু।

নন্দীগ্রামের বিধায়ক এরপরই বলেন, থানার চেয়ার, টেবিল, কম্পিউটার, এমনকী প্রতিটি ইট আমার সঙ্গে রয়েছে। তাই কোনও ব্যক্তিকে পরিবর্তন করলে এখানে কেন, কোথাও কোনও সুবিধা কেউ আদায় করতে পারবে না। তাছাড়া বিজেপি পুলিশ নির্ভর রাজনীতি করে না। ওটা করে তোলামূল পার্টি! এদিনের সভা থেকে স্ট্রং রুম পাহারা দেওয়ার ডাক দেন শুভেন্দু।
রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্যের প্রেক্ষিতে তাঁকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, বিজেপি তো মানুষের উপরও নির্ভর করে না। সিবিআই, ইডি, বিএসএফ, এনআইএ, কেন্দ্রের নানা কমিশনের উপর নির্ভর করে। এত কিছুর পরেও ২০২১ সালে ওরা হেরেছে। সিপিআইএম, কংগ্রেস শূন্য হয়েছে।

কুণালের দাবি, শুভেন্দুর পায়ের তলার মাটি সরছে। নন্দীগ্রামে বাইরে থেকে লোকজন এনে গণ্ডগোলের পরিকল্পনা করছেন তিনি। কে কোথায় ছুটির আবেদন করলেন তা নিয়ে তৃণমূলের মাথাব্যথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সেনাপতিত্বে তৃণমূল মানুষকে নিয়ে রাজনীতি করে।












Click it and Unblock the Notifications