Panchayat Election 2023: তৃণমূলের পার্টি অফিসে তালা ঝোলাল তৃণমূল! নন্দীগ্রামে 'হেরো' সুফিয়ানকে ঘিরে অসন্তোষ
Panchayat Election 2023: নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তালা ঝোলাল তৃণমূল কংগ্রেস! আজ দুপুর থেকে বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূলেরই একাংশ। তাঁদের দাবি, নন্দীগ্রামে নবজোয়ারে জেতা সামশুল ইসলামকেই প্রার্থী করতে হবে।
জেলা পরিষদ আসনে সামশুলকে প্রার্থী না করে শেখ সুফিয়ানকে প্রার্থী করা হয়েছে। তিনি বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন। তৃণমূলের বিক্ষোভকারীদের দাবি, দিদিকে হারানো সুফিয়ানকে আমরা মানব না।

সুফিয়ানের বিরুদ্ধে ক্ষোভ এতটাই যে ব্লক দলীয় কার্যালয়ে তিনটি তালা লাগিয়ে দেন তৃণমূলের কর্মীরাই। তাঁদের দাবি প্রশ্ন তুলে দিয়েছে নবজোয়ার কর্মসূচি নিয়েও। উল্লেখ্য, নবজোয়ার কর্মসূচিতে ভোটাভুটিতে মাত্র ৯টি ভোট পেয়েছিলেন শেখ সুফিয়ান। ৭১ টি ভোট পেয়ে এগিয়ে ছিলেন শেখ সামশুল। তা সত্ত্বেও সুফিয়ানকে জেলা পরিষদের প্রার্থী করা নিয়ে ক্ষোভের আগুন।

নবজোয়ারের ভোটাভুটিতে সুফিয়ান গো-হারান হেরে যাওয়ায় তৃণমূল কর্মীরা নিশ্চিত ছিলেন, সামশুলই প্রার্থী হচ্ছেন। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে রাজনৈতিক কর্মকাণ্ডেও সেভাবে দেখাই যায়নি সুফিয়ানকে। সে কারণেই সামশুলের প্রতি ছিল বেশিরভাগ জনসমর্থন। কিন্তু দলীয় সূত্রে সুফিয়ানের প্রার্থী হওয়ার খবর জেনেই বিক্ষোভে নামেন কর্মী-সমর্থকরা।

তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি, নবজোয়ারের ভোটাভুটির ফলে এগিয়ে থাকা সামশুলকে প্রার্থী না করার মধ্যেই প্রমাণিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে সঠিক প্রার্থী নির্বাচন হচ্ছে না। নবজোয়ারের ভোটের পদ্ধতি ও যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। কাল মনোনয়নের শেষ দিন। প্রার্থী পরিবর্তন না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেন তৃণমূল কর্মীরা।
সবমিলিয়ে নন্দীগ্রামে নজিরবিহীন ঘটনায় অস্বস্তিতে শাসক দল। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে কোন্দল-কাঁটা তৃণমূলের।












Click it and Unblock the Notifications