Panchayat Election 2023: ছিল আম, হয়ে গেল ভ্যান! প্রতীক বদলের নজিরবিহীন ঘটনায় বিপাকে নির্দল প্রার্থী
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে নজিরবিহীন ঘটনা। মনোনয়ন জমা দিয়ে যে প্রতীক পেয়েছিলেন ভোটের দিন দেখা গেল সেটিই বদলে গিয়েছে। আম ছিল, হয়ে গিয়েছে মোটর ভ্যান।
স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন নির্দল প্রার্থী। যে চিহ্ন নিয়ে মানুষের কাছে ভোটভিক্ষা করেছিলেন, সেটা বদলে যাওয়ায় পঞ্চায়েত সমিতির ভোট স্থগিত রাখার দাবিও জানালেন।

পূর্ব মেদিনীপুরের তমলুকের পদমপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩৩ নম্বর বুথে সকাল থেকেই চাঞ্চল্য। পঞ্চায়েত সমিতিতে দাঁড়ানো নির্দল প্রার্থী শবনম বিবি অভিযোগ করেন, তাঁর ভোটে লড়ার প্রতীক বদলে গিয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের তরফে কিছুই জানানো হয়নি।
শবনম বিবির দাবি তিনি সঠিক প্রক্রিয়া মেনে মনোনয়ন জমা দিয়েছিলেন। তখন প্রতীক হিসেবে আম পান। সেই প্রতীক নিয়েই মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। কিন্তু আজ আচমকা দেখা গিয়েছে আম নয়, তাঁর নামের পাশে রয়েছে মোটর ভ্যান প্রতীক। যাঁরা ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন তাঁদের কাছে বিষয়টি নিয়ে গেলেও সদুত্তর মেলেনি বলে অভিযোগ।

শবনম এরপর অনুগামীদের পাশে নিয়ে জানান, প্রিসাইডিং অফিসার আমাদের ১ ঘণ্টা সময় দিয়েছেন বিভিন্ন বুথে গিয়ে আমার নতুন প্রতীকের বিষয়ে ভোটারদের অবগত করাতে। কিন্তু এটা কি সম্ভব? আমাদের কোনও দোষ-ত্রুটি নেই। তা সত্ত্বেও প্রতীক বদলে দিয়ে এমন সমস্যায় ফেলা হলো! আমরা পঞ্চায়েত সমিতির ভোট স্থগিত রাখতে বলেছি, কিন্তু তা মানা হয়নি।

শুধু একটি বুথের ব্যালটে যে প্রতীক ভুল তা নয়। সব বুথেই তাঁর প্রতীক ভুল ছাপা হয়েছে বলে দাবি শবনমের। এরপরই ভোট বয়কটের ডাক দিয়েছেন এই নির্দল প্রার্থী। তবে ভোট বন্ধ হয়নি। প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, ভোট নির্বিঘ্নেই চলছে। ভোটাররা মজা করে বলছেন, ছিল রুমাল হয়ে গেল বিড়াল, এই প্রবাদটি জানি। এবার নতুন সংযোজন, ছিল আম, হয়ে গেল মোটর ভ্যান!












Click it and Unblock the Notifications