ময়নায় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান! CBI তদন্ত দাবি, দরকারে রাষ্ট্রপতির কাছে দরবার, বললেন অরুণ হালদার
বৃহস্পতিবার সকালে ময়নায় জাতীয় তফশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। তিনি বাগচা গ্রাম ঘুরে দেখেন। সেখানে বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে হত্যা করা হয়েছিল সেখানেই যান। তিনি মৃত বিজেপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।
সকালেই ময়নার গোরা মহল এলাকায় গেলেন এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। প্রশাসনের কাছে তিনি পুরো ঘটনাটা জানতে চান। ময়নার আইসি তাঁকে পুরো ঘটনা বোঝানোর চেষ্টা করেন। তবে অরুণ হালদার বলেন, তিনি দিল্লি থেকে এসেছেন, নির্দেশ দিয়েছিলেন ডিএম এবং এসপিকে এই এলাকায় থাকতে, কিন্তু তাঁরা তা করেননি।

তিনি ময়নার আইসিকে দিল্লিতে ডেকে পাঠানোর হুঁশিয়ারিও দেন। এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার বলেন, যেখানে রক্তের দাগ রয়েছে সেখানে এখনও কেন খোলা হল না? দেহ উদ্ধারের সময় কেন পরিবারকে জানানো হল না, প্রশ্ন করেন তিনি।
এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান প্রশ্ন করেন, কেন দেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হল না? পুলিশ কেন নিশ্চুপ ছিল সেই প্রশ্নও করেন তিনি। এই ঘটনায় তদন্তকারী অফিসার ময়না থানার ওসি কৃষ্ণেন্দু প্রধানের কাছে জানতে চাইলে ময়না থানার ওসি জানান অন্ধকার থাকায় তাদের অসুবিধা হয়েছে। দেহ তমলুক হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানান তিনি।
এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার অভিযোগ করেন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। পুলিশ নিরাপত্তা দিতেও ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি। হঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি মনে করেন কোন কমিশনার আসবে ঘুরে ঘুরে চলে যাবে তাহলে ভুল করবেন। তিনি এই খুনের ঘটনার সিবিআই তদন্ত দাবি করার পাশাপাশি রাষ্ট্রপতির কাছেও দরবারের কথা বলেছেন।

মৃত বিজয়কৃষ্ণ ভুঁইয়ার পরিবারের সঙ্গে কথা বলার পরে তিনি বলেন, এই পুলিশের ওপর আস্থা নেই। গ্রামবাসীরাও এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদারের সামনে তাঁদের ক্ষোভ উগরে দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
প্রসঙ্গত সপ্তাহ খানেক আগে এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার কালিয়াগঞ্জে নাবালিকা খুনের তদন্তেও গিয়েছিলেন। সেখানে তিনি সহযোগিতা না করার অভিযোগে উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্রপ্রতাপ সিং, জেলার পুলিশ সুপার সানা আখতার এবং জেলাশাসক অরবিন্দ কুমার মিনাকে দিল্লিতে ডেকে পাঠানোর কথা জানিয়েছিলেন।
সেই সময় তিনি বলেছিলেন তিনি বাঙালি এবং তাঁর একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। কিন্তু কমিশনের পদকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয় বলে পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications