Panchayat Election: নন্দকুমারের শীতলপুর তপ্ত, সম্ভাব্য প্রধানের গ্রেফতারিতে পুলিশের গাড়ি ভাঙচুর
Panchayat Election: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে ধুন্ধুমার। পুলিশের গাড়ি ভাঙচুর। ৮ জনকে আটকের পর চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
ত্রিশঙ্কু পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আজ সকালে। পঞ্চায়েত বোর্ড গঠনের আজই ছিল শেষ দিন। এই পঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।

নন্দকুমারের শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের আসন ২৩টি। তৃণমূল কংগ্রেস পায় ১১টি, সিপিআইএম ও বিজেপি জেতে ২টি করে আসন, নির্দলরা জেতেন ২টি আসনে। তৃণমূলকে পঞ্চায়েতের শাসনভার থেকে সরাতে নির্দলদের নিয়ে বিরোধী দলগুলি জোট বাঁধে। সেইমতো পঞ্চায়েত বোর্ড গঠনের প্রস্তুতি চলছিল।
জয়ী নির্দল প্রার্থী শেখ আবদুল জব্বারকে প্রধান করা হবে বলে ঠিক হয়েছিল। এরই মধ্যে পুরানো মামলার জেরে সম্ভাব্য প্রধানকে গ্রেফতার করে পুলিশ। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বাঁশ নিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় মহিলাদেরও। বিজেপির অভিযোগ, তৃণমূলের সুবিধা করে দিতেই পুলিশ পার্টি ক্যাডারের মতো আচরণ করছে।

বিজেপি নেতাদের কথায়, পুরানো মামলা যদি থেকেও থাকে তিনি তো পালাচ্ছেন না এলাকা থেকে। তাঁকে আমরা প্রধান করার সিদ্ধান্ত নিয়েছি। বোর্ড গঠনের পরেও তাঁকে গ্রেফতার করা যেত। বোর্ড গঠনের আগেই গ্রেফতারিতে রাজনৈতিক অভিসন্ধিই রয়েছে। এদিন পুলিশের ২টি গাড়িতে ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকটি মোটরবাইক ভাঙচুর করা হয়।
শাসক দলের তরফে এই গণ্ডগোলের জন্য বিজেপিকে নিশানা করা হচ্ছে। বিজেপির পাল্টা দাবি, ভাঙচুরের ঘটনায় বিজেপি জড়িত নয়। তৃণমূলই এই ভাঙচুর চালিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপাতে চাইছে। তৃণমূল একটি আসনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিজেপি, সিপিআইএম ও নির্দলরা মিলে যাতে পঞ্চায়েত বোর্ড গঠন করতে না পারে সেজন্যই এই ষড়যন্ত্র বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications