বালেশ্বর দুর্ঘটনার পর লাইনচ্যুত মেদিনীপুর হাওড়া লোকাল, খড়গপুরে আতঙ্কে যাত্রীরা
বালেশ্বর ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের লাইনচ্যুত হয়ে গেল ট্রেন। করমণ্ডল এক্সপ্রেসের পর এবার লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে ধাক্কা মারল বিদ্যুতের খুঁটিতে। শনিবার রাত ৯টা নাগাদ খড়গপুর স্টেশনে ঢোকার মুখে মেদিনীপুর-হাওড়া লোকাল লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

এক সপ্তাহ আগেই দেশের বুকে ভয়াবহতম রেল দুর্ঘটনা ঘটেছিল। ওড়িশার বালেশ্বের তিনটি ট্রেনের সংঘর্ষ প্রায় তিনশো জনের প্রাণ কেড়ে নিয়েছে। আহত হয়েছেন সহস্রাধিক। সেই রেশ কাটতে না কাটতেই সেই ট্রেন লাইনচ্যুত হওয়ার আতঙ্ক ফিরল বাংলার বুকে।
খড়গপুর স্টেশনে ঢুকছিল ডাউন মেদিনীপুর-হাওড়া লোকাল। যাত্রী ভর্তি ট্রেন নিয়ে শনিবার রাত ৯টা নাগাদ গিরি ময়দান ছেড়ে খড়গপুর স্টেশনের দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে কাটিং খোলি এলাকায়। এই ঘটনায় কয়েকজন জখম হয়েছেন।

মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেনটির একটি কামরা লাইনচ্যুত হয়ে য়ায়। তা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। তবে বিদ্যুতের তার কেটে বা খুঁটি ভেঙে বিপত্তি ঘটেনি। স্বল্পরে জন্য বড়োসড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মেদিনীপুর-হাওড়া লোকাল। এই ঘটনার পরই রেল আধিকারিকরা ছুটে যান ঘটনাস্থলে।
মেদিনীপুর থেকে ট্রেনটি হাওড়া যাচ্ছিল। রাত ৯টা পাঁচ মিনিট নাগাদ মেদিনীপুর স্টেশনে ছাড়ে ট্রেনটি। তারপর গিরি ময়দান স্টেশন পার হয়ে খড়গপুর স্টেশনের আগে কাটিং খোলি এলাকায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। তবে ট্রেনটির গতি স্বল্প থাকায় দুর্ঘটনা ভয়াবহতা এড়াতে সম্ভবপর হন ট্রেনচালক।

এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িযে পড়ে। ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে ট্রেন থেকে লাফিয়ে পড়েন। তার ফলেই কয়েকজন জখম হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের সহায়তায় খড়গপুর রেলওযে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সবাই সুস্থ রয়েছেন। বড়ো কোনো সঙ্কট তৈরি হয়নি।












Click it and Unblock the Notifications