কাঁথি লোকসভায় গণনা নিয়ে প্রশ্ন তুললেন মমতা
কাঁথি লোকসভা কেন্দ্রের ফল গণনা নিয়ে রীতিমতো প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবজারভাররা বিজেপি প্রার্থীকে জিতিয়ে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস সেখানে জিতলেও সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এমন মারাত্মক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কাঁথি লোকসভা কেন্দ্রে বরাবর নজর ছিল বঙ্গ রাজনীতির। শিশির অধিকারীর ছোট ছেলে সৌমেন্দু অধিকারী বিজেপির প্রার্থী হিসেবে সেখানে লড়াই করেছেন। ওই কেন্দ্রে বিজেপিকে হারানোর জন্য মুখিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। জোর প্রচারও করে জোড়া ফুল শিবির।

তৃণমূলের থেকে ওই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন উত্তম বারিক। তিনি পটাশপুর বিধানসভার নির্বাচিত বিধায়ক। পাশাপাশি, পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি৷ ওই কেন্দ্রে তিনি জোর প্রচারও শুরু করেন।
এই পরিস্থিতিতে মঙ্গলবার ভোট গণনা হয় শুরু থেকেই। তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল দুপুর পর্যন্ত। বিকেলের পর ভোটের হাওয়া ঘুরতে থাকে। একসময় বেশ কয়েক হাজার ভোটে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এগিয়ে যান। সন্ধ্যাবেলা মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেন। আর সেখানেই কাঁথি লোকসভার ভোট গণনা নিয়ে প্রশ্ন তোলেন।
অবজারভাররা বিজেপির হয়ে কাজ করছে। গণনায় বিজেপি প্রার্থীকে সাহায্য করছে। এই অভিযোগ করেন তিনি। এই অভিযোগের মধ্যে দিয়েই ফিরে এল ২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ফল গণনার স্মৃতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছিলেন।
শুভেন্দু অধিকারী সামান্য কিছু ভোটে একদম শেষ মুহূর্তে জয়ী হয়েছিলেন। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গিয়েছেন। সে কথাও প্রচার হয়ে গিয়েছিল। পরে জানা যায়, শুভেন্দু অধিকারী জিতেছেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেই সময় লোডশেডিং হয়ে যায়। সেটিকে কাজে লাগিয়েই শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করা হয়েছিল।
নন্দীগ্রাম ভোটের সেই ঘটনা নিয়ে তৃণমূল বিজেপি এখনও লড়াই করে। তাহলে কি সেই বিষয়টি লোকসভা নির্বাচনে আবার প্রকাশ পেল? মমতা বন্দ্যোপাধ্যায় ফের সেই স্মৃতি উসকে দিলেন? কাঁথি ভোট গণনা নিয়ে প্রশ্ন তুললেন।
সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস ওই আসনে জিতেছে। কিন্তু অবজারভার তৃণমূল প্রার্থীকে সার্টিফিকেট দিচ্ছে না। তাহলে কি সৌমেন্দু অধিকারীকে একই ভাবে জিতিয়ে দেওয়া হচ্ছে? সেই প্রশ্ন উঠল।
যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত সৌমেন্দু অধিকারী ৪৪,৩৪৭ টি ভোটে জয়ী হয়েছেন ওই কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই কেন্দ্রে পুনর্গণনার আবেদন জানাবেন। এই কথা নিজেই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।












Click it and Unblock the Notifications