এগরার খাদিকুল গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কথা বলবেন মৃতদের পরিবারের সঙ্গে
এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের ১১ দিন পার হয়ে গিয়েছে। আজ এগরার খাদিকুল গ্রামে পা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই গ্রামেই তৃণমূল কংগ্রেস নেতার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১২ জন মারা গিয়েছিলেন।
এগরার খাদিকুল গ্রামে যাওয়ার পাশাপাশি আজ ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতেও যোগ দেবেন তিনি। সকাল থেকে তাই এগরা এবং ঝাড়গ্রামে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। আকাশপথেই যাওয়ার কথা রয়েছে তাঁর। আবহাওয়া ভাল না থাকলে সড়ক পথেই ঝাড়গ্রাম এবং এগরা যাবেন তিনি।

বিস্ফোরনের ১১ দিন পর আজ এগরা খাদিকুল গ্রামে নিহত পরিবারেে সদস্যদের সাথে দেখা করতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি ঘোষণা অনুযায়ী আর্থিক সাহায্য তুলে দিতে পারেন বিস্ফোরণে মৃত পরিবারের বাড়ির সদস্যদের হাতে। সূত্রের খবর আজ দুপুর একটা নাগাদ খাদিকুল গ্রামে পৌঁছানোর কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আবহাওয়া অনুকূলে থাকলে আকাশপথে পৌঁছনোর কথা রয়েছে মুখ্যমন্ত্রীর অন্যথায় সড়কপথে পৌঁছতে পারেন তিনি। সেই মোতাবেক গতকাল থেকেই প্রশাসনিক তোড়জোড় শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারের তালিকাও তৈরি করা হয়েছে। সূত্রের খবর প্রায় দু'ঘণ্টার সফরে নিহত পরিবারদের পথেই আর্থিক সাহায্য ও সমবেদনা জ্ঞাপন এর পাশাপাশি ঘুরে দেখতে পারেন খাদিকুল গ্রাম।
১১ দিন পর খাদিকুলে নিহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক, কারন ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিহত পরিবারের সাথে দেখা করে একটি পথসভার মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সেরে ফেলেছেন।
বিস্ফোরণের একদিন পর মানষ ভূঁইয়, সৌমেন মহাপাত্র, দোলা সেন সহ একাধিক তৃণমূলের একটি প্রতিনিধিদল দুর্ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দারা, কারন স্থানীয়দের অভিযোগ ছিল বর্তমান সরকার পরিচালিত পুলিশ প্রশাসনের মদতেই এত বড় বিস্ফোরনের শিকার হয়েছিল খাদিকুলের গ্রামবাসীরা। আজ ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই জায়গায় যাবেন, ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে মুখ্যমন্ত্রী কি সধারনের ক্ষোভের মুখে পড়তে পারেন?
এদিকে ঝাড়গ্রামেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল তৃণমূল কংগ্রেস বিধায়ক বীরবাহা হাঁসদার গাড়ির উপরে হামলা চালিয়েছে কুর্মিরা। তাই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল লোধাশুলিতে। তারপরে রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় লোধাশুলিতে বৈঠক করে হুঁশিয়ারি দিয়েছিলেন যে ৪৮ ঘণ্টার মধ্যে কুর্মি আন্দোলনের নেতাদের সাংবাদিক বৈঠক করে জানাতে হবে যে তাঁরা এই ঘটনায় জড়িত রয়েছে কিনা।
যাঁরা দোষী তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি কড়া বার্তা দিয়ে বলেছেন যে বিজেপির মদত রয়েছে এই ঘটনায়। অবিলম্বে তাঁদের গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই নিয়ে রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশের ডিজি ঝাড়গ্রাম পুলিশ জেলার কাছে রিপোর্ট তলব করেছে।












Click it and Unblock the Notifications