কেশপুরে হিরণের গাড়ির সামনে আগুন, বাধ্য হয়ে গাড়ি ঘোরালেন বিজেপি প্রার্থী, হেডলাইনে থাকার চেষ্টা বললেন দেব
কেশপুরে উত্তেজনা চরমে উঠেছে। বিজেপি প্রার্থী হিরণকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। রাস্তায় গাছের গুঁড়ি-খড় ফেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। হিরণ এলাকায় এসে গ্রামবাসীদের ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা। বাধ্য হয়ে গাড়ি ঘোরালেন বিজেপি প্রার্থী।
এদিকে ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব নাম না করে হিরণকে নিশানা করেছেন। তিনি অভিযোগ করেছেন হেডলাইনে থাকতে অনেক কিছুই করবেন তিনি। তবে তাতে তিনি আমল দিতে চান না। উল্টে এলাকার ভোটারদের বেশি করে বুথে এসে ভোট দানের আর্জি জানিয়েছেন তিনি।

সকাল থেকেই ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরছেন বিজেপি প্রার্থী হিরণ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সকাল থেকেই সরব হয়েছেন তিনি। হিরণ অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সেটিং হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর প্রধানের সঙ্গে বচসায় জড়িয়েছেন তিনি। সকাল থেকেই কেশপুরে পৌঁছে গিয়েছিলেন হিরণ। তিনি অভিযোগ করেছেন সেখানে ভোটারদের ভোট দিতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। ভোটারকে সঙ্গে নিয়ে ভোট দিতে নিয়ে যান তিনি।
বেলা বাড়তেই কেশপুরে প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি প্রার্থী হিরণ। তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। তাঁরা অভিযোগ করেছেন হিরণ বাহিনী নিয়ে এসে হতকাল রাত থেকে গ্রামে মারধর করেছে। হাসপাতালে ভর্তি গ্রামের একাধিক বাসিন্দা। হিরণকে তাঁরা কিছুতেই গ্রামের ভেতরে ঢুকতে দেবেন না। গাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। বিক্ষোভের মাঝে পড়েও প্রথমে অনড় অবস্থানে ছিলেন ছিলেন হিরণ। তারপরে তাঁকে বাধ্য হয়ে গাড়ি ঘোরাতে হয়।
রাগের চোটে হিরণ অভিযোগ করেছেন গোটা রাজ্যটাকে পাকিস্তান তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামবাসীরা বারবার দাবি করেছেন হিরণ অশান্তি করতে এখানে এসেছেন। গ্রামবাসীরা বলেছেন কোনও দলের রং তাঁদের নেই তাঁরা সাধারণ গ্রামবাসী। প্রসঙ্গত উল্লেখ্য নির্বাচন ঘোষণার পর থেকেই হিরণের দেবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন।
কয়লা পাচারের টাকা নিয়ে দেব সিনেমা তৈরি করেছেন এমন অভিযোগও করেছেন। তার পাল্টা জবাবে দেব কিন্তু তেমন ভাবে বিজেপি প্রার্থীকে আক্রমণ করেননি। কিন্তু ভোটের শেষদফার প্রচারে হিরণের বিরুদ্ধে মুখ খুলেছিলেন দেব। তিনি স্পষ্ট তথ্য দিয়ে জানিয়েছিলেন হিরণও কয়লা পাচারের টাকা নিয়েছেন। সেই তথ্য বিজেপি প্রকাশ করতে চাইছে না। ভোটের দিনও তেমন ভাবে আগ্রাসী মেজাজে কিন্তু দেখা যায়নি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবকে। তিনি বলেছেন সারাদিন হেডলাইনে থাকতেই হিরণ এই সব কাজ করছেন। তবে তাঁর কাছে গুরুত্বপূর্ণ মানুষের ভোট। আজ যাতে তাঁর এলাকার ভোটাররা সব বুথে এসে ভোট দেন সেটা দেখাই তাঁর প্রথম কাজ। বাইকে করে ভোট দেখতে বেরিয়েছেন দেব।












Click it and Unblock the Notifications