অভিষেককে ধন্যবাদ শুভেন্দুর! মমতাকে হুঁশিয়ারি, সবুজ সাথী প্রকল্পের বরাতে স্বজনপোষণের অভিযোগ
Lok Sabha Election 2024: মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে কাঁথিতে যাওয়ার আগের দিন বিকেলে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা এদিন হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রীকে।
সবুজ সাথী প্রকল্পের বরাত দেওয়ার ক্ষেত্রে ব্যাপক স্বজনপোষণের অভিযোগও তুললেন শুভেন্দু। মমতাকে মুখ সামলানোর পরামর্শও দিলেন।\

কেন্দ্রে ইন্ডিয়া জোটের সরকার গঠনের বন্দোবস্ত তিনি করে দেবেন বলে দাবি করেছেন মমতা। বলেছেন, বাইরে থেকে সমর্থন করবেন। সিপিআইএম ও বিজেপি বাংলায় বিজেপির শরিক বলেও কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। তবে সর্বভারতীয় রাজনীতিতে তিনি ইন্ডিয়া জোটকে যে গাইড করবেন সেটাও বুঝিয়ে দিয়েছেন।
শুভেন্দু অধিকারী পাল্টা বলেন, উনি হারবেন। ২৫ মে মেদিনীপুর, জঙ্গলমহলের যে ৮ আসনে ভোট হবে, তার প্রতিটিতেই উনি খুব খারাপভাবে হারবেন। পুলিশকে লেলিয়ে দিয়ে গুন্ডামি করছে তৃণমূল। প্রতিরোধ হবে। ইন্ডিয়া জোটের সরকার গড়ার প্রশ্নই ওঠে না।
মমতাকে হরিদাস পাল বলে অভিহিত করে শুভেন্দু বলেন, তৃণমূল ৪৫ আসনে লড়ছে। ফলে কেন্দ্রে সরকার গঠনে তাঁর ভূমিকা তখনই হবে যখন স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট হবে। সন্দেশখালিতে মহিলারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন তা মনে করিয়ে শুভেন্দু বলেন, ধন্যবাদ ভাইপোকে সন্দেশখালি ইস্যু উসকে দেওয়ার জন্য।
শুভেন্দু সাংবাদিকদের বলেন, মমতাকে মুখ সামলে রাখতে বলবেন। নাহলে ডা. দাস স্বাস্থ্য দফতরে কী করছেন সব তথ্য পেয়ে গিয়েছি, ফাঁস করে দেব। হলদিয়ার জনসভায় শুভেন্দু বলেন, পুলিশের এসপি, ওসি, আইসিরা মমতার সভায় লোক আনার দায়িত্ব নিয়ে ফোন করছেন। যেন বাপ-মায়ের কাজ। ওঁদের বেতন কি মমতা বা ভাইপো দেন?
শুভেন্দু আরও বলেন, মমতার মিছিলে ১৩০০ সিভিককে হাঁটতে বলা হয়েছে। লোক না এলে তাঁদের চেয়ারে বসানো হবে। বলা হয়েছে, ইউনিফর্ম না পরে সাদা পোশাকে আসতে। চোরেদের রানি চোরেদের নিয়ে আসবেন। ফলে গরু বেঁধে রাখবেন। জামা-কাপড় বাইরে শুকাতে দেবেন না। কাজে বেরোলে অলঙ্কার সাবধান। সব টেনে নিয়ে যাবে।
শুভেন্দুর কথায়, কুঁকড়াহাটির খেয়াঘাট পেরিয়ে কলকাতা থেকে হলদিয়া আসতে দেড় ঘণ্টা লাগে। দ্বিতীয় হুগলি সেতু দিয়ে এলে লাগে ২ ঘণ্টা। আলালের দুলাল ভাইপো হলদিয়া এসেছেন হেলিকপ্টারে। গোল্ডেন রিট্রিটে ৩৭ লক্ষ বিল মিটিয়েছেন। হলদিয়া থেকে তোলা তুলে বিল মেটানো হয়েছে। যাঁরা তোলা তুলে দিয়েছেন তাঁরাই আমাকে জানিয়েছেন।
এরপরই সবুজ সাথী প্রকল্পের দুর্নীতি নিয়ে শুভেন্দু বলেন, বরাত পাওয়া পাঞ্জাবের সংস্থা পানাগড়ে সাইকেল তৈরির কারখানা গড়তে জমি চেয়েছিল। বলেছিল তাদের কারখানার সাইকেল যেন নেওয়া হয়। মমতা রাজি হননি। এই প্রকল্পে সাইকেল দেন অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের স্বামী অঙ্কুশ অরোরার বাবা পবন অরোরা। সাইকেলপিছু ৪০০ টাকা মমতার বাড়িতে যায়।
শুভেন্দু জানান, ২০ তারিখ হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় ৩ লক্ষ লোক আনার টার্গেট নেওয়া হয়েছে। ২৩ তারিখ সন্ধ্যার পর থেকে ২৫ মে ইভিএম সিল হওয়া পর্যন্ত চৌকিদারের কাজ করব। ভোট করিয়ে নেব। বুথে তিনের পরিবর্তে ৬ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। প্রতি এলাকায় থাকবে কুইক রেসপন্স টিম। তাঁর ফোন নম্বরে বুথের নম্বর দিয়ে গণ্ডগোলের কথা জানালে ১৫ মিনিটের মধ্যে টাইট করার হুঁশিয়ারি দেন শুভেন্দু। বলেন, ৩০টি আসনে পদ্ম ফোটান। এ বছরই মমতাকে প্রাক্তন আর ভাইপোকে প্যাকেট করে দেব।












Click it and Unblock the Notifications