Kanthi And Tamluk Results: শুভেন্দু কথা রাখলেন, কাঁথি ও তমলুক তৃণমূলের হাতছাড়া! প্রথমবার পদ্ম ফুটল দুই আসনেই
Kanthi And Tamluk Results: লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড় অব্যাহত। তার মধ্যেই তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হলো পূর্ব মেদিনীপুরের কাঁথি ও তমলুক লোকসভা আসন।
নির্বাচন কমিশনের তরফে এখনও অবধি সরকারিভাবে জয়ের ব্যবধান প্রকাশ করা হয়নি। অসমর্থিত সূত্রের খবর, তমলুকে বিজেপি ৫৩ হাজার ও কাঁথিতে ৪১ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছে।

নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ১৯৫৬ ভোটে। লোকসভা নির্বাচনে কাঁথি ও তমলুক ছিল মমতা বনাম শুভেন্দুর প্রেস্টিজ ফাইট। মমতা এদিন বলেছেন, আমাকে যেভাবে নন্দীগ্রামে হারানো হয়েছিল সেই কৌশল নেওয়া হয়েছে তমলুকে।
কাঁথিতে তৃণমূল কংগ্রেস জিতলেও সার্টিফিকেট আটকে রেখে বিজেপিকে জেতানোর গুরুতর অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। পুনরায় গণনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। যদিও এই দুটি আসন দীর্ঘদিন পর তৃণমূলের হাতছাড়া হলো। ফুটল পদ্ম।
শুভেন্দু অধিকারী অবিভক্ত মেদিনীপুরে যে বিজেপির ঝড়ের আভাস দিয়েছিলেন তা মেলেনি। মেদিনীপুর আসনে হেরে গিয়েছে বিজেপি। সেখানকার সাংসদ দিলীপ ঘোষ বর্ধমান-দুর্গাপুর আসনে লড়ে পরাস্ত হয়েছেন। মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রামে জিতেছে তৃণমূল।
যদিও অধিকারী-গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে কাঁথি ও তমলুক ধরে রাখতে পারল না তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী বারেবারেই বলে এসেছেন, কাঁথি ও তমলুক লোকসভা আসন দুটি বিজেপিকে জিতিয়ে তিনি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবেন। সেই কথা রাখতে পারলেন শুভেন্দু।
এই প্রতিবেদন লেখার সময় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বিজেপির প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৬২ হাজার ৭০৫ বেশি ভোটে এগিয়ে রয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের থেকে। অন্যদিকে, কাঁথি লোকসভা আসনে সরকারি তথ্য অনুযায়ী বিজেপির সৌমেন্দু অধিকারী ২৭ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের উত্তম বারিকের থেকে।
কাঁথি লোকসভা কেন্দ্রের সাতটির মধ্যে চারটি বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের বিধায়ক রয়েছেন। ১৯৯৯ সালে এই আসনে তৃণমূলের টিকিটে প্রথম জেতেন নীতীশ সেনগুপ্ত। ২০০৯ সাল থেকে টানা তিনবার সাংসদ হয়েছেন শিশির অধিকারী।
তমলুক লোকসভা কেন্দ্রের তিনটি বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের বিধায়ক রয়েছেন। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত লোকসভা নির্বাচনগুলিতে এখানে জয়লাভ করেছে তৃণমূল। সাংসদ ছিলেন শুভেন্দু ও দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু এখন বিজেপিতে। কাঁথিতে জিতলেন শিশির অধিকারীর কনিষ্ঠ পুত্র সৌমেন্দু। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাঁথিতে বিজেপি ভোট পেয়েছে ৪৯.৩৯ শতাংশ, তৃণমূল ৪৭.১৩ শতাংশ। তমলুকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজেপি ও তৃণমূলের প্রাপ্ত ভোটের হার যথাক্রমে ৪৮.১১ ও ৪৩.৮৬ শতাংশ।












Click it and Unblock the Notifications