শুভেন্দুর জেলায় বাম-বিজেপির বন্ধুত্ব, সমিতির ভোটে তৃণমূলকে হারিয়ে উড়ল লাল-গেরুয়া আবির
লাল ও গেরুয়া আবির যেন মাখামাখি হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপি, বামেদের শান্তিপূর্ণ সমঝোতা। আর তার জেরেই হারল তৃণমূল। সমিতি নিজেদের দখলেই রাখল বিরোধীরা। আরও একটি নজিরবিহীন ঘটনা মহিষাদলে।
কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে। বিজেপি বিরোধীরা আসন সমঝোতার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে। তৃণমূল, সিপিএম, কংগ্রেস অনেকটাই কাছাকাছি চলে এসেছে জাতীয় স্তরে। কিন্তু বাংলায় যে উলোটপুরাণ। বাম - রাম যে আবার সঙ্গী হয়ে গেল।

মাটির কাছাকাছি মানুষরা তৃণমূলের বিরুদ্ধে। উপরতলার জোটের প্রভাব কি তাদের উপরে নেই? না হলে সিপিএম, বিজেপি নীচুতলায় একজোট হয়ে গেল কীভাবে? দুই দলই না, কংগ্রেসের সমর্থনও এই সমিতির নির্বাচনে পাওয়া গেল। রাজ্য রাজনীতিতে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কেন্দ্রের বিজেপি সরকারকে পরাস্থ করতে ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে। কংগ্রেস, তৃণমূল, বাম সহ অন্যান্য রাজনৈতিক দল এক ছাতার তলায় এসেছে। লোকসভা নির্বাচনে আগে বাংলায় দেখা গেলো অন্য ছবি। রাম বাম জোট করে শাসকদল তৃণমূলকে হারাল।
বুধবার মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া সমবায় কৃষি কল্যাণ সমিতির নির্বাচন ছিল। মোট আসন ৬৩টি। মোট ভোটার ১৫৪০। এই নির্বাচলে প্রার্থী ছিলেন ১২৫ জন। এই সমিতি আগে সিপিএমের দখলে ছিল। এবার শাসক দল এই সমিতি জেতার জন্য মরিয়া ছিল।
আর সেখানেই যেন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়। বামেদের পাশে দাঁড়ায় বিজেপিও। হাত মেলায় কংগ্রেসও। কোনও লিখিত জোট হয়নি। বাম গণতান্ত্রিক ও প্রগতিশীল গোষ্ঠী হিসেবে এখানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা হয়। কোনও দল নেই। ভালো মানুষদের দেখে প্রার্থী দেওয়া হয়েছিল।
ভোটের পর ফলাফলে দেখা যায় সম্পূর্ণ অন্য ছবি। রাম বাম জোট পেয়েছে ৩৪ টি আসন। রাজ্যের শাসক দল তৃণমূল পেয়েছে ২৯ টি আসন। জয়ের পর রাম বাম জোটের উল্লাস দেখা দেয়। লোকসভা নির্বাচনের আগে এই জয় রাজনৈতিক চর্চার বিষয় হয়ে উঠেছে।
প্রবল শীতেও বসন্তের আনন্দ উপভোগ করছেন। এমনই দাবি জোটের নেতৃত্বদের। প্রবল লড়াই হয়েছে এই সমিতির নির্বাচনে। মানুষ ভোট দিয়ে গণতান্ত্রিক, প্রগতিশীল প্রার্থীদের জিতিয়েছেন। এমনই দাবি করা হচ্ছে।
তৃণমূল জানাচ্ছে, বাম - রাম কেমনভাবে মিলে যেতে পারে, এটা তারই নজির৷ বিজেপির পাশে বামেরা থেকে তাদেরই সাহায্য করছে৷ ওই সমিতিতে এবার অনেক ভালো ফল দল করেছে। এমনই দাবি তৃণমূল নেতৃত্বের। গতবার তারা ১৪ টি আসন পেয়েছিল। এবার ২৯ টি আসন পেয়েছে।












Click it and Unblock the Notifications