Cyclone Dana: কাঁথি, এগরায় ব্যাপক প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় দানা, দুশ্চিন্তায় প্রশাসন
ঘূর্ণিঝড় দানার(Cyclone Dana) আতঙ্ক উপকূলে।একের পর এক ট্রলার ফিরতে শুরু করেছে সমুদ্র থেকে। যে সব ট্রলার এখনও সমুদ্রে রয়েছে, তাদের প্রতি মুহূর্তে বার্তা পাঠানো হচ্ছে। মৎস্যজীবীদের আজ মঙ্গলবার নির্দিষ্ট সময়ের মধ্যেই ফিরে আসতে হবে স্থলভাগে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এই বিষয়ে কড়া বার্তা দিচ্ছে। জেলা মৎস্য দফতর থেকেও নজরদারি চলছে।
শৌলা ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্স এসোসিয়েশনের পক্ষ থেকেও এই বার্তাকে মান্যতা দেওয়া হচ্ছে। কাঁথি,,শঙ্করপুর এলাকায় মৎস্য বন্দর রয়েছে। সেখানে ট্রলারগুলি বেঁধে রাখা হচ্ছে। একের পর এক ট্রলার মোটা দড়ি দিয়ে বাধার কাজ চলছে। দুর্যোগে যাতে ট্রলারের কোনও ক্ষতি না হয়, সেজন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মৎস্যজীবী ও ট্রলার মালিকরা। প্রশাসনও কাঁথি, এগরা এলাকা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।

ওড়িশার পুরী এলাকার আশপাশে ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana) আঘাত করতে পারে। সেই সম্ভাবনার কথা আপাতত জানানো হয়েছে। পুরী ইতিমধ্যেই পর্যটকশূন্য করার কাজ শুরু হয়েছে। পুরী থেকে খুব একটা দূরে নয় পূর্ব মেদিনীপুরের কাঁথি, এগরা সাব ডিভিশন। ফলে ওই সব এলাকাতেও ঘূর্ণিঝড়ের ঝাপটা এসে পড়বে। ভয়াবহ বৃষ্টি হতে পারে। এই আশঙ্কার কথা জানানো হয়েছে। ফলে জেলা প্রশাসনের সর্তকতা অবলম্বন করা হচ্ছে। কিন্তু পরিস্থিতি কতটা প্রতিকূল হতে পারে? বিপর্যয় সম্পর্কে আগাম ধারণা এখনই করা সম্ভব হচ্ছে না। তবে সব রকম প্রস্তুতি রাখার চেষ্টা চলছে। এই বার্তা দিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।
কাঁথি ও এগরার সব ব্লকেই বড়সড় প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড়ের। ধান যাতে জমি থেকে কেটে তুলে নেওয়া যায়। সেজন্য মাইকিং চলছে। নীচু জায়গা প্লাবিত হলে দ্রুত পাম্প চালানো যায়। সেই বার্তা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। নবান্নের সঙ্গেও জেলা প্রশাসনের বৈঠক চলছে নিয়মিত৷ নবান্ন থেকে আসা নির্দেশ পালন করার ব্যবস্থা হচ্ছে।
যদি ঘূর্ণিঝড় এই সব এলাকায় আঘাত হানে, তাহলে দ্রুত পদক্ষেপ করতে হবে। সেই বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দফতরের টিম রেডি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত কাজ চলছে। ফ্লাড সেন্টারগুলি ইতিমধ্যেই থাকার উপযুক্ত করে ফেলা হয়েছে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি মোকাবিলার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক।












Click it and Unblock the Notifications