Digha-Mandarmani: উত্তাল সমুদ্র, ঢেউ'য়ের ধাক্কায় ভাঙল ট্রলার! দিঘায় যাওয়ার আগে পড়ুন
Digha-Mandarmani: ভরা কোটাল সঙ্গে গভীর নিম্নচাপ। জোড়া ফলায় একেবারে ফুঁসছে সমুদ্র। আছড়ে পড়ছে একের পর এক সুবিশাল ঢেউ। এই অবস্থায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মাছ ধরতে গিয়ে বিপাকে ২৯ জন মৎস্যজীবী।
সাগরে উল্টে গেল তিনটি ট্রলার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই সাগরে প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে।

শুরু হয়েছে ইলিশের মরশুম। আর এই সময় বাড়তি লাভের আশায় বিপদ উপেক্ষা করেই মৎস্যজীবীরা মাছ ধরতে যান। তেমনই ফুঁসতে থাকা সমুদ্রে রবিবার সাগর এলাকার বেগুয়াখালিতে মাছ ধরতে যান বেশ কয়েকজন মৎস্যজীবী। কিন্তু উত্তাল ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় দুটি ট্রলার। দুর্ঘটনার জেরে আহত হন দুই মৎস্যজীবী। গুরুতর জখম হয়েছেন দুজনেই। দুজনকে সাগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাশাপাশি দুটি ট্রলারের আরও ৮ মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। অন্যদিকে জম্বুদ্বীপের কাছে ইলিশ ধরার সময় উল্টে যায় আরও একটি ট্রলার। যদিও পাশে থাকা আরও একটি ট্রলার উলটে যাওয়া ট্রলার থেকে ১৯ জন মৎস্যজীবীকে উদ্ধার করে। যদিও ঘটনার পর উত্তাল সমুদ্রে ভেসে গিয়েছে ট্রলারটি। ঘটনার পর থেকে কোনও খোঁজ নেই সেটির। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে একই ভাবে দীঘা এবং মান্দারমনি থেকে মোট তিনটি টলার মাঝ সমুদ্রে গিয়েছিল মাছ ধরার উদ্দেশ্যে।
মাঝ সমুদ্রে পৌঁছানোর পর একটি ট্রলারে ফাটল দেখা দেয়, সেই ফাটল দিয়ে জল ঢুকে মাঝ সমুদ্রেই ডুবে যায় ট্রলারটি। বাকি দুটি ট্রলার এবং ১৮ জন মৎসজীবিকে উদ্ধার করা হয়। অন্যদিকে ভরা কোটাল সঙ্গে গভীর নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
এই অবস্থায় কোনও মৎস্যজীবী যাতে মাছ ধরতে না যান তা নিয়ে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনও ভাবেই যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যান সেই কথা বলা হয়েছে। একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ৪৫ থেকে ৫৫ কিমি, কখনও আবার ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দেখা যাবে। যার জেরে ২.৪ থেকে ২.৬ মিটার পর্যন্ত ঢেউ উঠবে বলেও পূর্বাভাস । এই সময়ে যাতে দিঘা-মন্দারমণিতেও যাতে পর্যটকরা সমুদ্রে না নামেন সেই কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications