বোতাম টিপলেই নাকি ভোট পড়ছে বিজেপিতে! তৃণমূলের অভিযোগ ঘিরে হৈচৈ কাণ্ড
বেলা বাড়তেই একের পর এক অভিযোগ। তবে তাৎপর্যপূর্ণ ভাবে একই অভিযোগ। ইভিএমে তৃণমূলকে ভোট দিলেই নাকি তা পড়ছে বিজেপিতে গিয়ে। এমনটাই অভিযোগ তৃণমূলের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য
বেলা বাড়তেই বাংলার চেনা ছবি! বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। হাইভোল্টেজ নন্দীগ্রামে এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে বাড়ছে উত্তেজনা।
অন্যদিকে চন্ডীপুরে তৃণমূল প্রার্থী সোহমকে জয় শ্রী রাম স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এমনকি, ওই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কর্মীদের অভিযোগ, ইভিএমে বোতাম টিপলেই নাকি ভোট পড়ছে পদ্মফুলে। আর সেই অভিযোগ ঘিরে সরগরম পরিস্থিতি। যদিও এমন ঘটনা ভুয়ো বলেই অভিযোগ।

ভোট দিলেই পড়ছে পদ্মে!
নন্দীগ্রামের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর বিধানসভাতেও নজর রয়েছে সবার। এখানে তৃণমূল প্রার্থী করেছে অভিনেতাকে সোহমকে। আর সেখানেই মারাত্মক অভিযোগ। জানা যাচ্ছে, ১৩১ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ। অভিযোগ, তৃণমূলে দেওয়া সব ভোট নাকি পড়ছে বিজেপিতে! আর এই অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। ভোটদাতাদের ক্ষোভ, যে বোতামই টেপা হোক না কেন, ভোট পড়ছে বিজেপিতেই। তা নিয়ে চন্ডীপুরের ১৩১ নং বুথে বেশ খানিকটা সময় ভোট বন্ধও থাকে।

ঘটনাস্থলে পৌঁছয় নির্বাচন কমিশন
ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। ঘটনার সত্যতা জানতে পরীক্ষা করা হয় ইভিএম মেশিন। এমনকি সমস্ত দলের রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে পরীক্ষা করা হয় ইভিএম। কিন্তু তেমন কোনও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর শুরু হয় ভোট গ্রহণ পর্ব।

প্রথম দফাতেও একই অভিযোগ
প্রথম দফাতেও একই অভিযোগ উঠে ছিল। মেদিনীপুরের একের পর এক বুথে ইভিএমের কারচুপির অভিযোগ উঠেছিল। ভোটারদের অভিযোগ ছিল, ইচ্ছাকৃত ভাবে ইভিএমে কারচুপি করা হয়েছে। তৃণমূলকে ভোট দিলেই তা নাকি পড়ছে বিজেপিতে গিয়ে। আর এই ঘটনায় ব্যাপক সরগরম হয়ে ওঠে। এরপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। পরীক্ষা করা হয় ইভিএম মেশিন। কিন্তু তাতে কোনও সমস্যা পাওয়া যায়নি।

সোহমকে জয় শ্রী রাম স্লোগান, উত্তেজনা
রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি। চন্ডীপুরে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে ঘিরে 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। মহম্মদবাজারের কাছে বুথ পরিদর্শন করতে গিয়েছিলেন সোহম। তখনই 'জয় শ্রীরাম'স্লোগান দেন স্থানীয় কিছু মানুষ। তাঁরা বিজেপির লোক বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী, অভিনেতা সোহম চক্রবর্তী। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। এমনকি, সোহমের এজেন্টের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।












Click it and Unblock the Notifications