Cyclone Dana: শিলাবতীর জলে প্লাবিত ঘাটাল, জলে ডুবে চাষের জমি
ঘূর্ণিঝড় দানার ( Cyclone Dana) প্রভাবে ফের ঘাটাল এলাকা জলমগ্ন। শিলাবতী নদীর জলে প্লাবিত একাধিক এলাকা৷ শুধু তাই নয়, ঘাটাল পুরসভার একাধিক জায়গায় জল ঢুকতে শুরু করেছে। ফলে কালীপুজোর আগে রীতিমতো বন্যা পরিস্থিতি।
এর আগের নিম্নচাপের বৃষ্টিতে ডিভিসি জল ছেড়েছিল৷ পশ্চিম মেদিনীপুরের শিলাবতী, কংসাবতী নদীর জল দু'কূল ছাপিয়ে যায়। সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হয়। পুজোর আগে নিজেদের বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে থাকতে হয় সাধারণ মানুষকে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে ফের ঘাটালের পরিস্থিতি দুর্বিসহ৷

ঘূর্ণিঝড় দানার প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা ছিল। সেই আশঙ্কাই সত্য হয়। প্রবল বৃষ্টি হয় গোটা পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে। ঘাটাল এলাকার বহু জায়গাতেই জলমগ্ন অবস্থা। ঘাটাল পুরসভাতেও এবার জলবন্দি হতে শুরু করেছেন সাধারণ বাসিন্দারা।
বৃষ্টির ফলে শিলাবতী নদীর জলস্তর বেড়ে গিয়েছে। প্লাবিত ঘাটাল ব্লকের গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল পুরসভার একাধিক এলাকাও জলে ডুবেছে। রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি জলের নীচে এই মুহূর্তে।
বিঘের পর বিঘে চাষের জমিতে জল ঢুকে রয়েছে। ধান সহ অন্যান্য ফসল, সবজির চাষ সম্পূর্ণ নষ্ট। মাথায় হাত পড়েছে চাষিদের। শীতকালীন ফসল চাষের ক্ষেত্রে বিশাল বড় ধাক্কা চাষিদের। সমস্যায় একাধিক গ্রামের মানুষজন।
ইতিমধ্যেই শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর এক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। জলে ডুবেছে রাস্তাঘাট। একাধিক ঘরবাড়িতে জল ঢুকে গিয়েছে। বিঘের পর বিঘে কৃষিজমি জলের তলায়। নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত।
একই সমস্যায় ঘাটালের পান্না, নিমপাতা সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষজন। অন্য দিকে শিলাবতী নদীর জলস্তর বেড়ে জল ঢুকতে শুরু করেছে ঘাটাল পুরসভা এলাকায়। সবে মিলে কালীপুজোর আগে আবার নতুন করে বন্যা দেখা দিল। ফলে চরম দুশ্চিন্তায় রয়েছেন ঘাটালের বানভাসি এলাকার মানুষজন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। নবান্ন থেকে ক্ষয়ক্ষতির হিসেব চাওয়া হয়েছে৷ ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কথা ফের জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কবে হবে বহুচর্চিত ঘাটাল মাস্টার প্ল্যান? সেই প্রশ্ন রয়েছেই।












Click it and Unblock the Notifications