Cyclone Dana: দিঘার আকাশে নিকষ কালো মেঘ, ঘূর্ণিঝড় দানার প্রলয়ের আশঙ্কা ক্রমেই বাড়ছে
cyclone Dana: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানা (cyclone Dana) ক্রমশ তার খেল দেখাতে শুরু করেছে। বৃহস্পতিবার রাত থেকে উপকূল এলাকায় আছড়ে পড়া শুরু করবে দানা। তবে বুধবার মধ্যরাত থেকেই পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল এলাকা কার্যত বদলে গিয়েছে। বৃহস্পতিবার সকালের আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে।
রীতিমতো হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া শনশন করে বয়ে চলেছে দিঘা উপকূল দিয়ে। তার সঙ্গে বৃষ্টি হয়ে চলেছে। মাঝেমধ্যেই কয়েক ফসলা ভারী বৃষ্টি হয়েছে দিঘা, শঙ্করপুর উপকূল এলাকায়। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মেদিনীপুরের এই সমুদ্রে উপকূল এলাকায় যথেষ্ট প্রভাব পড়বে। দানার প্রলয় দেখতে পাওয়া যাবে এই দিঘা, শঙ্করপুর, মন্দারমণি উপকূল এলাকাতেও।

সমুদ্রের উপকূল এলাকায় কাউকেই আর যেতে দেওয়া হচ্ছে না। সি বিচ যাওয়ার রাস্তাগুলি ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে দিঘা সি বিচের উপর কয়েকটি দোকান খোলা হয়েছিল। পুলিশ সেগুলি দ্রুত বন্ধ করে দেয়। সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।
সমুদ্র উপকূলে গতকালই মৎস্যজীবীরা ফিরে এসেছিলেন। এদিন সকাল থেকে ছোট নৌকাগুলিকে পাড়ের আরও উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। মৎস্যজীবীরা নৌকাগুলিকে রীতিমতো মোটা দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। কাঁথি, শঙ্করপুর এলাকায় ট্রলারগুলিকে এনে রাখা হয়েছে৷ নোঙর করা হয়েছে ট্রলারগুলিতে। এছাড়াও দড়ি দিয়ে বাঁধা রয়েছে সেগুলি।
পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকায় দানার প্রভাব সব থেকে বেশি দেখা যাবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হওয়ার আশঙ্কাও করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিন কার্যত প্রলয় হবে এই জেলার উপকূলীয় অঞ্চলে৷ এই আশঙ্কা থেকেই পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকার সব হোটেল পর্যটকশূন্য করে ফেলা হয়েছে। বৃহস্পতিবারই এই সব এলাকা খালি করে দেওয়া হয়েছে। ত্রাণ শিবির, ফ্লাড সেন্টারগুলিতে সাধারণ মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ কয়েকশো গ্রামের মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরও কারা বাদ পড়ে গেল কী? বৃহস্পতিবারও খতিয়ে দেখছে পুলিশ - প্রশাসন। প্রমাদ গুনছে দিঘা।
সমুদ্র সকাল থেকেই ফুঁসছে। বড় ঢেউ পাড়ে এসে আছড়ে পড়ছে। কত উঁচু সমুদ্রের ঢেউ দেখা যাবে দিঘায়? আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে।












Click it and Unblock the Notifications