Cyclone Dana: রাতে দিঘায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় দানা, সমুদ্রের জল ঢুকেছে নীচু এলাকায়
রাত থেকে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana)। ওড়িশার দামাড়ার কাছে ল্যান্ডফল হয়েছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। শুক্রবার সকালেও ঘূর্ণিঝড়ের তাণ্ডব জারি আছে। ঘূর্ণিঝড় দানার কবল থেকে রক্ষা পায়নি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর উপকূলও।
দিঘা সহ অন্যান্য এলাকায় ঘূর্ণিঝড় দানার যথেষ্ট প্রভাব দেখা যায়। শুক্রবার সকালেও উত্তাল রয়েছে সমুদ্র। মুষলধারায় বৃষ্টি হচ্ছে উপকূল এলাকায়। দমকা হাওয়ার বেগে এক মুহূর্ত বাইরে থাকাও মুশকিল। খাতায় কলমে ভোরের আলো ফুটেছে। কিন্তু পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকার আকাশ ঘন কালো মেঘে ছেয়ে। সকালেও যেন সন্ধে নামার অন্ধকার।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ঝড়ের তীব্র গতি দেখতে পাওয়া যায়। আরও উত্তাল হয়ে ওঠে দিঘা, মন্দারমণি, শঙ্করপুরের সমুদ্র। ল্যান্ডফল শুরু হয়ে যায় রাত সাড়ে এগারোটার পর থেকে। সমুদ্র যেন তখন সব কিছু গিলে খেতে আসছে। পাড়ের কাছাকাছি সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে।
গভীর রাতে জোয়ার আসার সময় ছিল। একদিকে জোয়ার, অন্যদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। দুইয়ের দাপটে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় উপকূল এলাকায়। চলে তীব্র ঝড়। রাতে দিঘার রাস্তায় এসে গার্ডওয়াল পেরিয়ে বিশাল বিশাল ঢেউ এসে রাস্তায় এসে পড়তে থাকে৷ গভীর রাতের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে৷
প্রশাসনিক তরফে আধিকারিকরা রাত জাগতে থাকেন। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন। আবহাওয়া দফতর আশঙ্কা করেছিল, রাজ্যে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকার উপরে প্রভাব সব থেকে বেশি পড়বে। হলও তাই। এলাকা জুড়ে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় দানা।
রামনগর, কাঁথি এলাকায় মধ্য রাত থেকেই মুষলধারায় বৃষ্টি চলছে। আজ পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি চলবে দিনভর৷ একাধিক জায়গায় গাছ উপরে পড়ার খবর পাওয়া গিয়েছে। রাত থেকেই বহু এলাকায় আলো নিভিয়ে দেওয়া হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এলাকা। কত ক্ষয়ক্ষতি হল? সেই সম্পর্কে এখনই কোনও চিত্র পাওয়া যায়নি।
তবে জানা গিয়েছে একাধিক নীচু জায়গায় সমুদ্রের জল ঢুকেছে। ভয়ানক বৃষ্টি চলছে। ফ্লাড সেন্টারগুলিতে আশ্রয় রয়েছেন সাধারণ মানুষজন। তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। বৃষ্টি না কমলে পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা পাওয়া মুশকিল। তেমনই জানাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা।












Click it and Unblock the Notifications