Cyclone Dana: ঘূর্ণিঝড় দানা লণ্ডভণ্ড করতে পারে দিঘা! উপকূল জুড়ে বাড়তি সতর্কতা
ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana) কতটা শক্তিশালী হবে? সেই নিয়ে চলছে কাটাছেঁড়া। এখনও সেটি নিম্নচাপ আকারে রয়েছে৷ আজ বুধবারই সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। সেই কথা জানা গিয়েছে৷
ওড়িশার পুরীর আশপাশ দিয়ে ঘূর্ণিঝড়ের বয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বড় প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরের উপকূলে৷ দিঘা, শঙ্করপুর, কাঁথি এলাকায় প্রবল সতর্কতা অবলম্বন করা হচ্ছে। প্রশাসন আগে থেকেই নেমে পড়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূল এলাকায় ঝড়ের ঝাপটা আসার সম্ভাবনা আছে। অতি ভারী বৃষ্টি হতে পারে৷ তার সঙ্গে বইতে পারে প্রবল গতিবেগে হাওয়া৷ ফলে উপকূল এলাকার কী পরিস্থিতি হতে পারে? তাই নিয়ে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে৷
দিঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এলাকায় মাইকিং করা হচ্ছে৷ প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রের পাড়ে প্রচার করা হচ্ছে। সমুদ্রে যাতে কোনও পর্যটক না নামেন। সেই বার্তা বার বার করা হচ্ছে৷ সমুদ্রের জলে এদিন সকালেও বহু পর্যটককে নামতে দেখা যায়। তাদের রীতিমতো বকাঝকা করে তুলতে হয় জল থেকে।
সমুদ্র গতকাল মঙ্গলবার থেকেই ফুঁসতে শুরু করেছে। মাঝেমধ্যেই বড় ঢেউ পাড়ে গিয়ে আছড়ে পড়ছে। যত সময় এগোবে, ততই বাড়ছে ঢেউ৷ সমুদ্র উত্তাল হতে শুরু করবে। আজ সন্ধ্যার পরেই সমুদ্র ভয়াবহ আকার নিতে পারে। সেই আশঙ্কা করা হচ্ছে। দূরের আকাশে চাপ চাপ কালো মেঘ দানা বাঁধছে। যেন বিপদ ঘনিয়ে আসার অপেক্ষা।
যশের স্মৃতি এখনও টাটকা দিঘা উপকূলে। ফলে সাধারণ মানুষের মধ্যেও ভয় রয়েছে। বহু নীচু এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এই কথা জানা গিয়েছে৷ ফ্লাড সেন্টারগুলিতে প্রয়োজনীয় ত্রাণ, ওষুধ, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে৷
বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম তৎপর। গাছ উপড়ে পড়লে দ্রুত সেই সব সরাতে হবে। প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রাখা হচ্ছে।












Click it and Unblock the Notifications