কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর র্যালির আগে বোমা পড়ল? কী হল তারপর?
কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর র্যালিতে হামলা। নির্বাচনী র্যালি লক্ষ্য করে বোমা মারা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে। কেউ ওই ঘটনায় হতাহত হয়নি বলে খবর।
এদিন সকালে পটাশপুর বিধানসভার আড়গোয়াল মনসাতলা এলাকার ঘটনা। পরিস্থিতি তারপর থেকেই জটিল হয়ে উঠেছে। বিজেপি ওই ঘটনার পরে তৃণমূলের দিকে দোষ দিয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ মানতে অস্বীকার করেছে।

আজ বৃহস্পতিবার দিনভর একাধিক কর্মসূচি ছিল সৌমেন্দু অধিকারীর। সব কর্মসূচিই এদিন বাতিল করা হয়েছে। পটাশপুর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে দোষারোপ করে চলেছে।
কিন্তু ঠিক কী হয়েছে এদিন? সৌমেন্দু অধিকারী বিজেপির প্রার্থী হয়েছেন এই কেন্দ্রে। শিশির অধিকারী এই কেন্দ্রের বিদায়ী সাংসদ। যদিও শিশিরবাবুর সঙ্গে তৃণমূলের সম্পর্ক এখন অতীত। বিজেপির উপরেই ভরসা রেখেছেন তিনি৷ শিশির অধিকারী আর নির্বাচনে লড়বেন না।
বিজেপি প্রার্থী প্রচার করছেন কাঁথির বিভিন্ন এলাকায়। তৃণমূলও পালটা প্রচারে ব্যস্ত। অধিকারী পরিবারকে হারাতেই হবে। এই লক্ষ্যে তৃণমূল নেমেছে রাস্তায়। ফলে প্রচারে দুই পক্ষই অত্যন্ত জোর দিচ্ছে।
আজ বৃহস্পতিবার পটাশপুরের ভূপতিনগর থেকে শুরু হয়েছিল র্যালি। বিজেপি প্রার্থীর র্যালি আড় গোয়াল বাজারে পৌঁছায়। সেখানে সৌমেন্দু অধিকারীকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। সাময়িক উত্তেজনা দেখা দেয়।
তার ঠিক কিছুটা দূরে মনসা তলায় সৌমেন্দু অধিকারী র্যালির রাস্তায় বোমা ছোড়া হয়। ফলে চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকায়। বিজেপি কর্মী সমর্থকরা থমকে যায়। রাস্তাতেও বোমার দাগ দেখা যায়। এরপরেই এদিনের সব কর্মসূচি বাতিল করা হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।












Click it and Unblock the Notifications