তাঁকে মেদিনীপুরে টিকিট দিলে বিজেপি জিতত, রাজ্য দফতরে এসে বললেন দিলীপ ঘোষ
" আমাকে ওখান থেকে না বদলালে, অন্তত মেদিনীপুরটা জেতা যেত।" এবার সরাসরি এই বক্তব্য রাখলেন দিলীপ ঘোষ। "ওল্ড ইজ গোল্ড।" এই কথাও মনে করিয়ে দিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ।
আজ বৃহস্পতিবার হঠাৎই কলকাতার রাজ্য দফতরে পৌঁছান প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা সহ বেশ কিছু জেলায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা।

আক্রান্ত কর্মী সমর্থকদের বেশ কিছুটা অংশ আশ্রয় নিয়েছে রাজ্য দফতরের পাশে একটি অনুষ্ঠান বাড়িতে। সেখানে দিলীপ ঘোষ পৌঁছে যান। গৃহহারা কর্মীদের সঙ্গে কথা বলেন। পাশে থাকার আশ্বাস দেন। এরপর তিনি রাজ্য দফতরে যান।
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে হেরে গিয়েছেন দিলীপ ঘোষ। তারপর থেকেই একাধিক মন্তব্য করছেন তিনি। দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে এখনও সরাসরি তোপ দাগেননি তিনি৷ তবে ঘুরিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন। এমন মত ওয়াকিবহাল মহলের।
" পুরনোরা সব সময়, ওল্ড ইজ গোল্ড। পুরনোদের ছেড়ে দিলে বিজেপি আর বিজেপি থাকবে না।" এই কথা বলেন দিলীপ ঘোষ। " আমাকে পার্টি কাজ দেবে কী না, সেটাও পার্টির হাতে আছে। আমি পার্টির জনপ্রতিনিধিও নই। পার্টির পদাধিকারীও নই। আমি দিলীপ ঘোষ, সাধারণ সদস্য। " বলেন তিনি।
" যদি ভুল প্রমাণ হয়। পার্টির সাফল্য না আসে। মনে করতে হবে, কোথাও ভুল আছে, দোষ আছে। ঠিক দেখা উচিত। শোধরানো উচিত। না হলে এগোতেই পারবো না।" রাখঢাক না করেই এদিন বলেন দিলীপ।
অনেক জায়গাতেই প্রার্থী অদল বদল করা হয়েছিল। তার ফলে একাধিক আসন রাজ্যে বিজেপি হারিয়েছে। এই দাবি বিজেপির একাধিক নেতা করছেন। দিলীপ ঘোষও এই বিষয়ে একমত। মেদিনীপুর থেকে তাঁকে না সরালে, ওই আসনটি বিজেপি জিতত। বৃহস্পতিবার পরিষ্কার এই কথা বলেছেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের পার্টি অফিসে আসার খবর দলীয় স্তরে রটে যায় সকাল থেকে। ফলে দিলীপ ঘোষের অনুগামী বলে পরিচিতদের মধ্যে উৎসাহ দেখা যায়। দিলীপ ঘোষের নামে জয়ধ্বনি দেওয়া হয়। 'দিলীপ ঘোষকে সভাপতি দেখতে চাই' এই স্লোগানও ওঠে।












Click it and Unblock the Notifications