মমতার 'গদ্দার' মন্তব্যের প্রতিবাদ! নন্দীগ্রামে তৃণমূলের অফিসে ঝোলালো বিজেপি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিরুলিয়া বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ঝুলল তালা। বিজেপি কর্মী-সমর্থকরা তালা লাগিয়ে দেন বলে জানা গিয়েছে। সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও চলে। বিজেপি কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীর গদ্দার মন্তব্যের প্রতিবাদ করেন।
প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী গদ্দার বলেই সম্বোধন করেন। কিন্তু বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে শুক্রবার পূর্ব মেদিনীপুর থেকে দুই সন্দেহভাজন জঙ্গি ধরা পড়ে। এব্যাপারে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ওই দুজন ধরা পড়েছে, গদ্দারদের জায়গা থেকে। রবিবার এই মন্তব্যের প্রতিবাদ হয় নন্দীগ্রামে। সেখানে দাবি ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।

বিক্ষোভকারী বিজেপি-কর্মী সমর্থকদের বক্তব্য, মেদিনীপুর বিপ্লবের মাটি, স্বাধীনতা সংগ্রামীদের জায়গা। এই জায়গা অর্থাৎ এই জেলাকে নিয়ে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটা যথেষ্ট নিন্দনীয়। তাঁদের আরও বক্তব্য মেদিনীপুর জেলার নাম শুনলেই সারা ভারতবর্ষের শ্রদ্ধা করে। তাঁরা বলেন এই জেলা বিপ্লবের মুখ প্রতিবাদের মুখ, আর সেই জেলাকেই মুখ্যমন্ত্রী বলছেন গদ্দারের জায়গা।
এদিনে নন্দীগ্রামে বিরুলিয়া বাজারে তৃণমূলের কার্যালয়ে তালা ঝোলানোর পরে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলও পোড়ানো হয়। স্থানীয় বিজেপির নেতৃত্বের তরফে এদিন হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আজ তৃণমুলের অফিসে তালা লাগানো হয়েছে, পরে ওদের সবরকম কাজকর্ম বন্ধ করে দেওয়া হবে।
বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না পর্যন্ত এই মন্তব্য প্রত্যাহার করছেন, ততক্ষণ এই বিক্ষোভ চলবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভা থেকে বলেছেন মেদিনীপুর গদ্দারদের জায়গা। এবার তাঁকে লোকসভা. বোঝানো হবে গদ্দার কাকে বলে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছিলেন, টালি নালার ধারে বসবাসকারী কেউ অবিভক্ত মেদিনীপুরের অবদান বুঝতে পারবেন না। তিনি বলেন, মেদিনীপুরের মানুষ প্রকৃত দেশপ্রেমিক। তিনি আরও বলেছেন, মেদিনীপুরের পবিত্র ভূমিতে যাঁরা জন্ম নিয়েছেন, তাঁদের সম্পর্কে আপনার কিছুই জানা নেই। বিরোধী দলনেতা স্মরণ করিয়ে দিয়েছএন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, বীরেন্দ্রনাথ শাসমল, সুশীল ধারার মতো বহু কৃতি ব্যক্তির জন্মস্থান এই মেদিনীপুরেই।
তৃণমূলের তরফে রবিবারের ঘটনার প্রতিক্রিয়ায় বলা হয়েছে, এদিনের ঘটনায় প্রমাণ হয়ে গিয়েছে বিজেপির পায়ের তলায় মাটি নেই। যেখানে তৃণমূলের ১৩-১৪ বছরের কার্যালয়, সেখানে বিজেপি তালা লাগিয়ে বুঝিয়ে দিতে চাইছে, গণতন্ত্র থাকবে না।












Click it and Unblock the Notifications