নন্দীগ্রামে ভোট লুট করছে বিজেপি? ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী দেবাংশু!
নন্দীগ্রামে ভোট লুট করছে বিজেপি? প্রিজাইডিং অফিসার বসে রয়েছেন। ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন ভোট দেওয়ার জন্য। তার মধ্যেই বিজেপির কর্মীরা ছাপ্পা দিয়ে চলেছেন? এমনই গুরুতর অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
আজ শনিবার তমলুক লোকসভা কেন্দ্রে ভোট চলছে। সকাল থেকে বিভিন্ন জায়গায় হিংসা, অশান্তির খবর পাওয়া যাচ্ছে। বিজেপি ও তৃণমূল একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে। তার মধ্যেই এবার নতুন অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। একটি ভোট গ্রহণ কেন্দ্রের সিসিটিভি ফুটে সেখানে দেখানো হচ্ছে। ১৯ সেকেন্ডের ওই ফুটেজে দেখা যাচ্ছে, একাধিক লোক ইভিএম মেশিন ঘিড়ে মাথা নীচু করে দাঁড়িয়ে রয়েছে। তাদের জটলা ইভিএম মেশিনকে ঘিরে।
দেবাংশু ভট্টাচার্য ক্যাপশনে লিখেছেন " নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া অঞ্চলের ২৭৯ নম্বর গঙ্গা বাসুলি প্রাইমারি স্কুলে অবাধ ছাপ্পা দিচ্ছে বিজেপি! শুভেন্দুবাবু, লজ্জা করুন একটু.. " তাহলে কি এই বুথে অবাধ ছাপ্পা চলছে? তৃণমূল প্রার্থী তো তেমন অভিযোগই করছেন।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও অত্যন্ত নাড়া ফেলেছে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই ভিডিও শেয়ার করছেন। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। বিজেপি তমলুক লোকসভা কেন্দ্রে বুথ দখল করছে। তৃণমূলের উপর হামলা চালাচ্ছে। এই অভিযোগ সকালেই করেছেন দেবাংশু।
শুভেন্দু অধিকারী ভোট দেওয়ার পর দাবি করেছেন, তৃণমূল অনেক জায়গায় তাদের এজেন্টই দিতে পারেনি। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কেন্দ্র থেকে জয়ী হবেন। যদিও তৃণমূলের দাবি, বিজেপি তাদের এজেন্ট বহু কেন্দ্রে দিতে দেয়নি।
নন্দীগ্রামে নির্দ্বিধায় ছাপ্পা! An outright ELECTORAL FRAUD!
— All India Trinamool Congress (@AITCofficial) May 25, 2024
This is the @SuvenduWB model of conducting elections – rigging votes when they can't win people's mandate!
Where are the Central Forces now and @ECISVEEP now? pic.twitter.com/CN3e5VJ9Ug
নতুন এই ভিডিও নিয়ে বিজেপির পক্ষ থেকে এই খবর লেখা পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে বেশ প্রভাব ফেলেছে বলে খবর। কিন্তু ভোট চলাকালীন কী করে দেবাংশু ভট্টাচার্য এই ফুটেজ পেলেন? সেই প্রশ্ন উঠছে।
নন্দীগ্রামের এই ভিডিও তৃণমূল নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। অবাধ ছাপ্পা ভোটের অভিযোগের কথা লেখা হয়েছে। যদিও এই অভিযোগ পরবর্তীকালে ধোপে টেকেনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। ওই বুথে সেই সময় ভিভিপ্যাট মেশিনে সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যা দেখার জন্যই জড়ো হয়েছিল কয়েক জন। ছাপ্পা ভোটের কোনও ঘটনা ঘটেনি।












Click it and Unblock the Notifications