BJP Sweeps Nandigram: নন্দীগ্রামে বিজেপির বৃহস্পতি তুঙ্গে, টসে তৃণমূলকে হারিয়ে ছিনিয়ে নিল পঞ্চায়েত সমিতি
BJP Sweeps Nandigram: নন্দীগ্রামে বিজেপির বৃহস্পতি তুঙ্গে। নন্দীগ্রাম বিধানসভার ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে গেরুয়া শিবির বোর্ড গড়েছে ১১টিতে। মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের অফিসিয়াল ক্যান্ডিডেটকে হারাতে তৃণমূলেরই অপর গোষ্ঠীকে সমর্থন করে বিজেপি।
বিজেপির সমর্থনে ওই পঞ্চায়েতের প্রধান হয়েছেন নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের জামাই। তা নিয়ে তুঙ্গে তৃণমূলের কোন্দল। এরই মধ্যে নজর ছিল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের দিকে।

নন্দীগ্রাম ২ নং পঞ্চায়েত সমিতিতে বিজেপি টেক্কা দিয়েছিল তৃণমূলকে। কিন্তু নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে কী হবে সেদিকেই ছিল সকলের নজর। রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন, আমাদের সদস্যরা একসঙ্গে থাকবেন। তবে অন্য দল তাদের সদস্যদের ধরে রাখতে পারবে কিনা সেটা তাদের ব্যাপার। নিয়ম মেনে টসে সভাপতি নির্বাচনের পথ খোলা ছিল।

উল্লেখ্য, নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৩০টি, সেখানে বিজেপির সদস্য সংখ্যা ১৫, তৃণমূলেরও ১৫। আজ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ছিল। সমানে সমানে টক্কর চলে। পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনে ভোটাভুটি হয়। দেখা যায়, দুই দলের সদস্যদের ভোটদানের পর ফল ১৫-১৫ রয়েছে। এরপর প্রথা মেনে হয় টস। টসে জয়ী হন বিজেপির প্রার্থী শ্যামল সাহু।
শ্যামল টসে জিততেই উল্লাসে ফেটে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। নন্দীগ্রাম বিধানসভার দুটি পঞ্চায়েত সমিতিরই দখল নিল বিজেপি। শূন্য হাতেই ফিরতে হলো তৃণমূলকে। নন্দীগ্রাম ২ নং পঞ্চায়েত সমিতিতে ২১টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ১৪টি, তৃণমূল ৭টি। তৃণমূলের হাত থেকে বিজেপি এই পঞ্চায়েত সমিতি ছিনিয়ে নেওয়ার পর সভাপতি হয়েছেন বর্ণানী মণ্ডল, সহ সভাপতি মমতা পাত্র।












Click it and Unblock the Notifications