Bengal By Elections Result: মেদিনীপুরে ফের সিগনাল গ্রিন, বড় জয় তৃণমূলের
প্রত্যাশা মতোই জয় এল মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে। বেলা গড়াতেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বাড়তে থাকে। অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে জয়ের খবর আসছে। এদিকে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রতে ভোটের ব্যবধানে এগিয়ে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।
এক সময় জয়ের ব্যবধান প্রায় ৩০ হাজার হয়ে যায়। কার্যত নিশ্চিত হয়ে যায় তৃণমূল প্রার্থীর জয়। কারণ, এখন আর ফেরার রাস্তা নেই। মেদিনীপুর আবার তৃণমূলের দখলে। যদিও তার অনেক আগে থেকেই রাস্তায় আবির খেলা শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

জুন মালিয়া তৃণমূল সাংসদ হয়ে লোকসভায় গিয়েছেন। সেই কারণে ওই কেন্দ্রে উপনির্বাচন হয়। অনেকটা এগিয়ে থেকেই এই কেন্দ্রে প্রচার শুরু করে তৃণমূল। জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন স্থানীয় নেতৃত্ব। তৃণমূল থেকে প্রার্থী করা হয়েছিল সুজয় হাজরাকে। বিজেপির প্রার্থী হন শুভজিৎ রায়। সুজয় হাজরা কাছে পরাজিত হলেন শুভজিৎ রায়।
সুজয় হাজরা মোট ভোট পেয়েছেন এক লক্ষ ১৫ হাজার ১০৪। শুভজিৎ হাজরার প্রাপ্ত মোট ভোট ৮১ হাজার ১০৮। তৃণমূল প্রার্থী প্রায় ৩৪ হাজার ভোটে এই কেন্দ্র থেকে জয়লাভ করলেন। তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী মণীকুন্তল খামরাই। তার প্রাপ্ত ভোট প্রায় ১২ হাজার। কংগ্রেসের শ্যামল কুমার ঘোষ চার হাজারের কাছাকাছি ভোট পেয়েছে।
তৃণমূল প্রার্থী এই জয়ের পরে কর্মী - সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃত্ব ও কর্মী সমর্থকরা না থাকলে এই বিপুল জয় সম্ভব ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মেদিনীপুরেও উন্নয়ন হয়েছে। সেই উন্নয়ন সম্পর্কে বিরোধীরা মিথ্যা কথা প্রচার করেছিল। মানুষ সেই সব কথা গ্রহণ করেনি। আরও বেশি করে মানুষ তৃণমূলের পাশে দাঁড়িয়েছে। এই বার্তা দিলেন তৃণমূল প্রার্থী৷
ফলপ্রকাশের আগে থেকেই আবির খেলা শুরু হয়ে যায় এলাকায়। তৃণমূল কর্মী সমর্থকরা মিষ্টিমুখ ও আবির খেলায় মেতে ওঠেন। প্রার্থীকেও আবির মাখানো হয়।












Click it and Unblock the Notifications