Sisir Adhikari: হামলা গাড়িতে, ভাঙল কাচ! আক্রান্ত শিশির অধিকারী
Sisir Adhikari: আক্রান্ত তৃণমূল সাংসদ শিশির অধিকারী। খেজুরিতে তাঁর গাড়িতে হামলার অভিযোগ। ভেঙে দেওয়া হল কাচ। কোনও রকমে রক্ষা পান সাংসদ। কিন্তু তাঁর মাথায় চোট লেগেছে বলে জানা গিয়েছে। আর এরপরেই শিশির অধিকারীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজাও। অন্যদিকে এই ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বলে মন্তব্য করেছেন দিব্যেন্দু অধিকারী। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাবার গাড়িতে হামলা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে কাচ।

একদল যুবক এই ঘটনা ঘটিয়েছে বলেও দাবি তৃণমূল সাংসদের। এই ঘটনায় শিশির অধিকারীর মাথায় চোট লেগেছে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশে অভিযোগ জানানো হয়েছে বলেই খবর। আজ মঙ্গলবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের খেজুরির উত্তপ্ত হয়ে ওঠে।
স্থায়ী পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। এমনকি খেজুরি-২ ব্লকের নিচকসবা এলাকায় তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। ঘটনাকে কেন্দ্র করে চলে বোমাবাজি। শুধু তাই নয়, বিডিও অফিসেও বোমা ছোড়ার অভিযোগ ওঠে। সেখানে শিশির অধিকারী ছিলেন বলে খবর।
সন্ধ্যায় কাথিতে ফেরার সময় এই হামলা হয় বলে অভিযোগ। খেজুরির তেঁতুলতলায় শিশিরের গাড়ির উপর চড়াও হয় বেশ কয়েকজন। শুধু তাই নয়, সাংসদের গাড়ি টার্গেট করে ইট ছোঁড়া হয় বলেও অভিযোগ। আর তাতে গাড়ির সামনের কাচ সম্পূর্ণ ভাবে ভেঙে গিয়েছে। এই ঘটনায় বড় কিছু না ঘটলেও মাথায় ভালোই শিশির অধিকারী চোট পেয়েছেন বলে জানা গিয়েছে।
ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপির তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হইয়েছে। একজন বর্ষীয়ান সাংসদ বাংলায় সুরক্ষিত নয়। আইনের শাসন নেই বলেও দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ব=লে জানিয়েছে তৃণমূল।












Click it and Unblock the Notifications