মোদীজিকে জিজ্ঞেস করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত, তমলুকে পাল্টা অভিষেক
শুভেন্দু অধিকারীর খাসতালুকে প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজিরভাবে আক্রমণ করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তোমার দাম কত? গত বুধবার এমনই প্রশ্ন করেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই নিয়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।

আজ সেই বক্তব্যের প্রত্তুত্যর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তমলুকে রোড শো করতে আজ শুক্রবার গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজিরভাবে আক্রমণ করেন তিনি৷
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "মোদীকে গিয়ে জিজ্ঞেস করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত। তুমি যার টিকি ধরে রাজনীতি কর, সে মাথা নীচু করে প্রণাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে।" অভিষেক আরও বলেন, " তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম জিজ্ঞেস করছ? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম, বাংলার মানুষের ১০ কোটি মানুষের দাম। "
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন যথেষ্ট ক্ষোভের সঙ্গে আক্রমণ করেছেন। এমনই মনে করছেন রাজনৈতিক মহল। রোড শো শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। সেখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিজেপি সম্পর্কে আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস জাতীয় নির্বাচন কমিশনের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা আজ সকালে সাংবাদিক বৈঠকও করেছেন এই বিষয়ে। প্রাক্তন বিচারপতি কীভাবে এমন অশালীন ভাষা প্রয়োগ করতে পারেন?
নির্বাচন কমিশনের তরফে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে৷ শোকজ করা হয়েছে তাঁকে। ২০ তারিখ বিকেল পর্যন্ত তাঁকে প্রশ্নের উত্তর দেওয়ার সময় দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications