Patashpur: একের পর এক নারকীয় কাণ্ড, কুলতলির পর পটাশপুরে ধর্ষণ করে খুনের অভিযোগ
দেবী পক্ষের শুরুতে ফের ধর্ষণ করে খুনের ঘটনা রাজ্যে। নিউটাউন, পটাশপুর, কুলতির পরে এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গৃহবধূকে ধর্ষণ ও কিটনাশক খাইয়ে খুনের অভিযোগ, উত্তাল পটাশপুর, অভিযুক্তকে গণপিটুনি ও পুলিশ কে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
স্বামীর অনুপস্থিতির সুযোগে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং জোর করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধ। এই প্রথম নয়, এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ ওঠে।

কর্মসূত্রে বাইরে থাকেন তাঁর স্বামী। প্রতিবেশীরা জানিয়েছেন, গ্রামেরই এক ব্যক্তি বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান ওই গৃহবধূকে। ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। বিষয়টি যাতে ফাঁস না হয়ে যায়, ওই গৃহবধূ যাতে কাউকে কিছু না বলতে পারেন, তার জন্য ধর্ষণের পর গৃহবধূর মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছেন, কীটনাশক খাওয়া অবস্থাতেই ওই গৃহবধূকে উদ্ধার করেন গ্রামবাসীরা। তমলুক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই গৃহবধূর। বিষয়টি সামনে আসতেই এলাকায় জনরোষ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে বের করে এনে গণধোলাই দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পটাশপুর থানার পুলিশ। সেখানে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযুক্তকে এলাকায় আটকে রাখা হয়েছে এই মুহূর্তে। ঘটনাস্থলে রয়েছে পুলিশও। পুলিশকে ঘিরে ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।












Click it and Unblock the Notifications