পঞ্চায়েতে বোর্ড গঠন: বিরোধী প্রার্থীদের যোগদান! শুভেন্দু অধিকারীর জেলায় অ্যাডভান্টেজ তৃণমূল
একমাস আগে পঞ্চায়েত নির্বাচনের পর ফলও বেরিয়ে গিয়েছে। এবার বোর্ড গঠনের পালা। নির্বাচন কমিশনের ঘোষণা মতো আগামী ৯, ১০ ও ১১ অগাস্ট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করা হবে। অন্য সব জেলার মতো শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়ে রয়েছে।
এই ত্রিশঙ্গু হওয়া পঞ্চায়তগুলির মধ্যে রয়েছে কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৫ টি। যার মধ্যে তৃণমূল ১০, বিজেপি ১০, কংগ্রেস ২, আইএসএফ ২ ও নির্দল ১ টি আসন দখল করেছে।

সোমবার সন্ধেয় কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের দুই জয়ী প্রার্থী হাসনা বানু খাতুন ও সাবিনা বিবি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র ও তৃণমূল নেতা চিত্ত মাইতির উপস্থিতিতে দলীয় জেলা কার্যালয়ে তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে যোগদান করান সৌমেন মহাপাত্র।

দলে যোগদানের পরে সৌমেন মহাপাত্র জানান, দুই কংগ্রেস জয়ী প্রার্থী তৃণমূলে যোগদান করায় ভোগপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করতে তাদের অনেকটাই সুবিধে হবে। অন্যদিকে দলবদলকারী এক মহিলা জানিয়েছেন, একটা সময় দল ছাড়লেও, মমতা বন্দ্যোপাধ্যায় যে গতিতে উন্নতি করছেন তার জন্যই তৃণমূলে যোগদান। এর পিছনে কোনও ভয় বা প্রলোভন নেই।












Click it and Unblock the Notifications