মুখ্যসচিব কি হাইকোর্টের নির্দেশ মানবেন? এক দিনের মধ্যে হলফনামা দিতে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
রাজ্যের মুখ্যসচিব কি কলকাতা হাইকোর্টের নির্দেশ মানবেন? সরাসরি এই প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার মামলা চলাকালীন কড়া মন্তব্য করেন বিচারপতি। শুধু তাই নয়, একদিন সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর থেকে উত্তর চাইছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মানার ইচ্ছা রয়েছে কি? ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের মুখ্যসচিবকে জানাতে হবে। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতির নির্দেশ, মঙ্গলবার বিকেল ৩ টের মধ্যে হলফনামা দিয়ে মুখ্যসচিবকে জানাতে হবে। কিন্তু কোন মামলায় রাজ্যের মুখ্যসচিবের কাছে এই উত্তর চাইছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতিতে দুর্নীতি হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলা ওঠে। দুই পক্ষে কথা শোনার পরে বিচারপতি এই মামলার তদন্তের ভার সিবিআইকে দেন। আর সেখান থেকেই সমস্যা হয়েছে। সিবিআইয়ের উপর মামলার চাপ তৈরি হয়েছিল। সেইসময় রাজ্যের ১০ জন পুলিশ অফিসারকে ডেপুটেশনে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শুধু তাই নয়, একই সঙ্গে আদালত নির্দেশ দেয়, ওই মামলার তদন্তে যাওয়া তদন্তকারীদের উত্তরবঙ্গে থাকা এবং যাতায়াতের বন্দোবস্ত করতে হবে রাজ্যকে। তদন্তের স্বার্থে ওই মামলায় রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেন বিচারপতি। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল নির্দেশনামা মুখ্যসচিবের অফিসে পাঠান।
প্রথমে ৩ নভেম্বর এই নির্দেশনামা পাঠানো হয়েছিল। পরে ৭ ডিসেম্বর ফের আদালতের নির্দেশ জানানো হয়। কিন্তু কোনও কাজ হয়নি। সোমবার কলকাতা হাইকোর্টে ওই মামলার শুনানি ছিল। সিবিআইয়ের অভিযোগ, এখনই পর্যন্ত কোনও ব্যবস্থাই করা হয়নি রাজ্যের তরফ থেকে।
এরপরেই মেজাজ হারান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ২৪ ঘণ্টার মধ্যে হলফনামা দিক৷ এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি। শুধু তাই নয়, মামলাকারীর আইনজীবীকে এক ঘণ্টার মধ্যে হাইকোর্টের নির্দেশ রাজ্যের জিপি-কে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications