ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে হাইকোর্টে কী রিপোর্ট দিল রাজ্য সরকার?
ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের শাসক দল ফের কাঠগড়ায়। বিজেপির তরফে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই রিপোর্ট আজ মঙ্গলবার জমা দিল রাজ্য।
নির্বাচন পরবর্তী হিংসায় ৯২ টি অভিযোগের ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ পাওয়া যায়নি। বাকি, ১১৪টি অভিযোগের ক্ষেত্রে অনুসন্ধান করে কোনও অপরাধ খুঁজে পাওয়া যায়নি। শুধু তাই নয়, ১৮ টি অভিযোগ ভোট-পরবর্তী সন্ত্রাসের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়ে জানালো রাজ্য।

আদালতে দেওয়া রাজ্যের রিপোর্টে আরও একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে। ১৩৮ টি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কাজ শেষ হলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিন কলকাতা হাইকোর্টে তথ্য দিয়ে জানালো রাজ্য। ভোট পরবর্তী হিংসা নিয়ে দায়ের হয়েছিল মামলা। ভোট পরবর্তী হিংসাকে কি তাহলে ব্যাপক অর্থে মানতে চাইছে না রাজ্য? প্রশ্ন উঠেছে।
গত ৬ জুন পুলিশি পদক্ষেপ নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি কৌশিক চন্দর অবকাশকালীন বেঞ্চ। সেই নির্দেশের প্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্টে রিপোর্ট পেশ করে রাজ্য। ৬ জুন কলকাতা হাইকোর্টের আরও নির্দেশ ছিল, রাজ্য পুলিশের ডিজিকে ই মেল করে অভিযোগ জানাতে পারবেন আক্রান্তরা।
অভিযোগ খতিয়ে দেখে এফআইআর করার নির্দেশ দেয় আদালত। রাজ্য সরকারের জমা দেওয়া রিপোর্টে ৬ থেকে ১২ জুন পর্যন্ত ৫৬০টি অভিযোগ জমা হওয়ার উল্লেখ রয়েছে। এর মধ্যে ১০৭টি এফআইআর দায়ের হয়েছে। জানিয়েছে রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications